স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুলাই : বড়মুড়া তথা অধুনা হাথাইকতর ইকোপার্কে পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান বিধায়িকা কল্যাণী রায়। সোমবার বিধানসভায় এই দাবি জানান তিনি। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এইদিন বিধায়িকা কল্যাণী রায় ও বিধায়ক রণজিৎ দাস যুগ্ম ভাবে প্রশ্ন উত্থাপন করেন হাতাইকতর ইকোপার্ক ও ছবিমুড়াতে একটি করে পুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে কিনা।
জবাবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান বর্তমানে রাজ্য সরকারের এই ধরনের কোন পরিকল্পনা নেই। তখন সাপ্লিমেন্টারি নিয়ে বিধায়িকা কল্যাণী রায় যুক্তি উপস্থাপন করেন যে হাথাইকতর ইকো পার্কে বর্তমানে বহু পর্যটক আসে। অনেক সময় সেখানে নিরাপত্তাহীনতায় ভুগে পর্যটকরা। তাই পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সেখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হোক।

