স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুলাই : জাতীয় শিক্ষানীতি বিরুদ্ধে ছাত্র সংগঠনগুলিকে রাস্তার মোড়ে মোড়ে আন্দোলন গড়ে তুলতে হবে। নাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পুঁজিপতিদের হাতে তুলে দিয়ে ধ্বংস করে দেবে সরকার। শনিবার ছাত্র-যুব ভবনে এসএফআই সদর বিভাগীয় কমিটির উদ্যোগে প্রয়াত অরুণ দেবের ৩৪ তম শহীদান দিবসে বক্তব্য রেখে একথা বলেন পুলেটব্যরোর সদস্য মানিক সরকার। তিনি এদিন শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে গিয়ে ছাত্র সংগঠন গুলির উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।
২৫ টি সাধারণ ডিগ্রী কলেজের মধ্যে মাত্র সাড়ে তিন শতাধিক কাছাকাছি অধ্যাপক রয়েছেন। কিন্তু কলেজের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় এক লক্ষাধিক হবে। সুতরাং কলেজে অধ্যাপকের বড় ঘাটতি রয়েছে। সরকার সেই ঘাটতি মেটাতে কোন ভূমিকা নিচ্ছে না। এবং বিষয়কেন্দ্রিক অধ্যাপক না থাকার কারণে ছাত্র-ছাত্রীরা কলেজ পরিবর্তন করছে, আবার বহু ছাত্রছাত্রী বিষয়কেন্দ্রিক অধ্যাপকের অভাবে বিষয় পরিবর্তন করে অন্য বিষয় নিয়ে পড়াশোনার করার চেষ্টা করছে। তিনি এদিন কলেজ গুলোর বর্তমান পরিস্থিতি সম্পর্কে সমালোচনা করে আরো বলেন, কলেজগুলির মধ্যে নেই পানীয় জল এবং বিদ্যুতের সুবন্দোবস্ত। ফলে ভুগছে ছাত্র-ছাত্রীরা। আর এদিকে সরকার উচ্চশিক্ষায় নয়া জাতীয় শিক্ষানীতি কার্যকর করার নাম করে কলেজে ভর্তির ফি তিন শতাধিক টাকা থেকে এক ধাপে বৃদ্ধি করে ১,১০০-১২,০০ টাকা করে আদায় করছে। অর্থাৎ সরকার বিনামূল্যে পড়াশোনা করার সুযোগটুকু ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। বেসরকারি পুঁজিপতিদের হাতে তুলে দিতে এ ধরনের প্রচেষ্টা কলেজগুলির মধ্যে সরকার চালু করেছে। এর বিরুদ্ধে ছাত্র সংগঠনগুলিকে নিছক আন্দোলন করলে চলবে না, বড়সড় আন্দোলন গড়ে তুলতে হবে সরকারের বিরুদ্ধে। তিনি আরো বলেন ছাত্র সংগঠনগুলিকে বসে না থেকে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে মানুষকে অবগত করতে হবে কিভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে সরকার।
এর বিরুদ্ধে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান করতে হবে। কারণ এটা শুধু ছাত্র-ছাত্রীদের স্বার্থে আন্দোলন নয়, সব অংশের মানুষের স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই আন্দোলন করতে হবে। পাশাপাশি শ্রী সরকার এদিন রক্তদান শিবির সম্পর্কে বলেন সকলকে নিয়মিত রক্তদান করতে হবে। শিবিরের মাধ্যমে সম্ভব না হলেও হাসপাতালে গিয়ে ধারাবাহিকভাবে রক্তদান করে মুমূর্ষ রোগীর জীবন বাঁচানোর জন্য দায়িত্ব নিতে হবে। পরবর্তী সময় রক্তদান শিবিরটি ঘুরে দেখেন পুলেটব্যরোর সদস্য মানিক সরকার। রক্তদাতাদের উৎসাহিত করেন এদিন। আয়োজিত রক্তদান শিবিরে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব, টি এস ইউ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যান্যরা। সকলে প্রয়াত অরুন দেবের প্রতি পুষ্পাঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

