স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুলাই : বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ রামনগর গাঙ্গাইল রোড এলাকায় চাকুরিচ্যুত শিক্ষকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। এই ঘটনায় ১০,৩২৩ -এর চাকুরিচ্যুত শিক্ষক ইদ্রিস মিয়ার বসতঘর ভস্মীভূত হয়ে যায়। এলাকাবাসীর কাছ থেকে ঘটনার খবর পেয়ে সাথে সাথে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালে আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগে যায়। জানা যায় চাকরি হারিয়ে ইদ্রিস মিয়া ফুটপাতে জুতো বিক্রি করে সংসার পরিচালনা করতেন।
কিন্তু বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তার সর্বস্ব হারিয়ে যায়। বাড়ির সদস্য ইদ্রিস মিয়া জানান রাতে আগুন লাগার বিষয়টি টের পেয়ে দ্রুত ঘুম থেকে উঠে ছুটে যান রান্না ঘড়ে। সেখানে গিয়ে গ্যাসের সংযোগ ছিন্ন করেন। কিন্তু ততক্ষনে আগুন ভয়াবহ আকার ধারন করেছে। প্রানে বাঁচতে জানালা দিয়ে বাইরে বেড়িয়ে আসেন। নিমিষের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় তাদের বাড়ি। ১০ ঘর পুড়ে যায়। তবে তার অভিযোগ নাশকতা মূলক অগ্নিকান্ড এটি। আগুনে ২০ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে তাদের। তিনি ১০৩২৩ এর ছাটাইকৃত শিক্ষক। চাকুরি হারানোর পর ফুটপাতে জুতোর ব্যবসা করতেন। এই উপার্জনের মাধ্যমে ১৪ জনের সংসার চলত।
কিন্তু অগ্নিকান্ডের ঘটনায় সমস্ত কিছু পুড়ে যাওয়ায় হতাশ পরিবারটি। এদিকে অগ্নিকান্ডের ঘটনায় আহত হয়েছেন অপর দুই ভাই বাবুল মিয়া ও কুদ্দুস মিয়া। ঘটনার খবর পেয়ে ছুটে যান ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নিবাস দাস। তিনি আশ্বাস দেন ক্ষতিগ্রস্ত পরিবারকে পাশে রয়েছে সরকার। কিভাবে আর্থিক সহযোগিতা করা যায় সেদিকে চিন্তাভাবনা করা হচ্ছে।

