স্যন্দন ডিজিটেল ডেস্ক,৬ জুন: দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেইনের আরেকটি বড় আক্রমণ ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে মঙ্গলবার দাবি করেছে রাশিয়া। অপরদিকে পাল্টা দাবিতে পূর্বাঞ্চলের লড়াইয়ে অগ্রগতির হয়েছে বলে জানিয়েছে উক্রেইন।তবে এর মাধ্যমে ইউক্রেইনের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে কি না, তা পরিষ্কার হয়নি।সোমবার রাশিয়া জানায়, সাপ্তাহিক ছুটির মধ্যে ইউক্রেইনের বাহিনীগুলো দোনেৎস্ক অঞ্চলের দক্ষিণাংশে বড় একটি আক্রমণ শুরু করেছিল, তারা সেটিও প্রতিহত করেছে। ইউক্রেইনীয় কর্মকর্তারা কোনো বড়, উল্লেখযোগ্য নতুন সামরিক অভিযানের কথা উল্লেখ করেননি; যদিও সোমবারের রাত্রিকালীন ভাষণে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হেঁয়ালিপূর্ণভাবে ‘যে সংবাদের জন্য আমরা অপেক্ষা করছিলাম’ বলে উল্লাস প্রকাশ করেন এবং দোনেৎস্কর বাখমুতে অগ্রগতি হয়েছে বলে জানান।
মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার বাহিনীগুলো ইউক্রেইনের বাহিনীগুলোর ওপর আক্রমণ করে বিপুল সংখ্যক সেনাকে হত্যা এবং আটটি মূল লেপার্ড ব্যাটেল ট্যাংকসহ ২৮টি ট্যাংক ও ১০৯টি সাঁজোয়া যান ধ্বংস করেছে। লড়াইয়ে নিহত ইউক্রেইনীয় সেনার সংখ্যা ১৫০০ বলে জানিয়েছে তারা। “আগেরদিনের ব্যাপক ক্ষয়ক্ষতির পর কিয়েভ সরকার ২৩তম ও ৩১তম যান্ত্রিক ব্রিগ্রেডের অবশিষ্টাংশকে পৃথক একত্রিত ইউনিটে রূপান্তর করে, যেটি আক্রমণাত্মক অভিযান অব্যাহত রাখে,” টেলিগ্রামে পোস্ট করা মন্ত্রণালয়টির বিবৃতিতে এমনটি বলা হয়েছে।বার্তা সংস্থা রয়টার্স স্বতন্ত্রভাবে এসব প্রতিবেদন যাচাই করতে পারেনি আর রাশিয়ার এসব দাবির বিষয়ে কিইভের দিক থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি।রাশিয়া ও ইউক্রেইন প্রায়ই একে অপরের বহু সেনাকে হত্যা করেছে বলে দাবি করে আসলেও সেসব স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয় না।

