বাড়িখেলামেসির যেমন রেকর্ড আছে, রেকর্ডেরও মেসি আছে

মেসির যেমন রেকর্ড আছে, রেকর্ডেরও মেসি আছে

স্যন্দন ডিজিটেল ডেস্ক,,২৯ মে: ‘নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণারও নদী আছে…পথের যেমন পথিক আছে, পথিকেরও পথ যে আছে।’লিওনেল মেসি আর ফুটবলের রেকর্ডের বিষয়টিও যেন এ গানটিরই মতো। দিনের পর দিন ফুটবলের সব রেকর্ড যেভাবে নিজের করে নিচ্ছেন, বিশ্বজোড়া ফুটবলপ্রেমী আর মেসির ভক্তরা বলতেই পারেন রেকর্ডগুলো সব মেসিরই জন্য। অন্যদিকে রেকর্ডের পক্ষ নিয়ে কেউ বলতে পারেন—মেসি আসলে রেকর্ডের জন্য! রেকর্ডের পক্ষ নিয়ে কেউ গেয়ে উঠতে পারেন—যতই থাকো দূরে সরে তোমায় দূরে ভাববো কেন…তোমার মধু অভিসারে চিরজনম চলবো আমি!রেকর্ড যে মেসির সঙ্গে মধু অভিসারে চিরকাল চলতে চায়, তা গত পরশু স্ত্রাসবুর্গের বিপক্ষে পিএসজির ম্যাচটির দিকে তাকালেও স্পষ্ট হয়। ইউরোপের শীর্ষ ৫ লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডটি শুধুই নিজের করে নেওয়ার জন্য মেসির একটি গোলই প্রয়োজন ছিল। একই সঙ্গে ক্যারিয়ারে সবচেয়ে বেশি শিরোপা জয়ে দানি আলভেজের রেকর্ডে ভাগ বসাতেও জিততে হতো এবারের ফ্রেঞ্চ লিগ ‘আঁ’ শিরোপা। এক রাতে দুটিই পেয়ে গেছেন মেসি। স্ত্রাসবুর্গের সঙ্গে ১-১-এ ড্র ম্যাচে পিএসজির গোলটি করেছেন মেসি। গোলটি করে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক পিএসজিকে যেমন ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র শিরোপা জিতিয়েছেন, তেমনি দুটি রেকর্ডও গড়েছেন। একটি রেকর্ডে এত দিন ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যৌথ মালিকানা ছিল মেসির। গতকালের ১ গোলে রোনালদোকে পেছনে ফেলে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডটা শুধুই নিজের করে নিয়েছেন তিনি। আর পিএসজির হয়ে শিরোপা জিতে ভাগ বসিয়েছেন দানি আলভেজের সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডে।ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মেসির গোল এখন ৪৯৬টি। এই গোল তিনি করেছেন দুটি লিগের দুটি ক্লাবে খেলে। বার্সেলোনার হয়ে লা লিগায় ৪৭৪টি, পিএসজির জার্সিতে ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে ২২টি। রোনালদো ৪৯৫ গোল করেছেন ইউরোপের শীর্ষ তিনটি লিগে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে। এ ছাড়া কাল বার্সেলোনায় তাঁর সাবেক সতীর্থ দানি আলভেজের সমান ৪৩টি শিরোপা জিতেছেন মেসি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য