স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মে : আই সি ইউ থেকে বের হয়েছে সরকারের ছোট শরিক আইপিএফটি দল। ২০২৩ -এর বিধানসভার নির্বাচনে মাত্র একটি আসনে জয়ী হয়ে অস্তিত্ব রক্ষা করেছে। আগামী দিনে দলকে মাথাচাড়া দিতে ইতিমধ্যে শুরু হয়েছে জোর আলোচনা।
শুক্রবার বিজেপির জোট শরিক আই পি এফ টি-র এম সি সি কনফারেন্স অনুষ্ঠিত হয়। দশরথ দেব ভবনে অনুষ্ঠিত হয় এই কনফারেন্স। কনফারেন্সে উপস্থিত ছিলেন আইপিএফটি-র রাজ্য সভাপতি প্রেম কুমার রিয়াং, মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, প্রাক্তন বিধায়ক প্রশান্ত দেববর্মা সহ অন্যান্যরা। এইদিনের কনফারেন্সে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। কনফারেন্স চলাকালিন সময় আইপিএফটি-র সভাপতি প্রেম কুমার রিয়াং জানান সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের সময় আইপিএফটি-র কিছু এমসিসি মেম্বার দল ত্যাগ করে অন্য দলে যোগদান করেছে। তাই এইদিন শূন্য পদ গুলি পূরণ করা হয়েছে। একই সাথে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের আগামিদিনের কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানান তিনি।

