স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ জুন :২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন নতুন চারটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর সুযোগ পাবে বেনিফিসারিরা। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান মন্ত্রী টিঙ্কু রায়। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন নতুন চারটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। তার মধ্যে একটি হল মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা। বাল্য বিবাহ বন্ধ করার জন্য এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পে ২০২৫-২৬ অর্থ বছরে ৪৫ জনকে সুবিধা প্রদান করা হয়েছে। দ্বিতীয় প্রকল্প হল মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা।
এই প্রকল্পে অন্তোদয় পরিবারে কোন কন্যা শিশুর জন্ম হলে তার নামে ৫০ হাজার টাকা ফিক্সড ডিপোজিট করে দেওয়া হয়। যা ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বে তোলা যাবে না। এই প্রকল্পে এখনো পর্যন্ত ১০৫ জনকে সুবিধা প্রদান করা হয়েছে। তৃতীয় প্রকল্প হল চিফ মিনিস্টারস স্কিম ফর পার্সন্স উইথ ইন্টেলেকচুয়াল ডিজএবিলিটি। এই প্রকল্পের মাধ্যমে মানসিক প্রতিবন্ধি ব্যক্তিদের মাসিক ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। এই প্রকল্পে এখনো পর্যন্ত ৩ হাজার ৪৯২ জনকে সুবিধা প্রদান করা হচ্ছে। চতুর্থ প্রকল্প হল মানসিক প্রতিবন্ধীদের জন্য রিক্রিয়েশন সেন্টার। মানসিক প্রতিবন্ধীদের জন্য রিক্রিয়েশন সেন্টার স্থাপনের জন্য ৫ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। তার জন্য ইতিমধ্যে জায়গাও চিহ্নিত করা হয়েছে।
গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে সহসাই নির্মাণ কাজ শুরু হবে বলে জানান তিনি। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান ১০০ টি অঙ্গনওয়ারী কেন্দ্রকে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলির মান উন্নয়নের লক্ষ্যে ৫৬২ টি কেন্দ্রকে সক্ষম অঙ্গনওয়ারী কেন্দ্রে উন্নতি করা হয়েছে। মিশন বাৎসল্যের আওতায় দক্ষিন জেলায় ৫ কোটি ৫৮ লক্ষ্য টাকা ব্যয়ে একটি সমন্বিত শিশু আবাস এবং ঊনকোটি জেলায় ১ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যয়ে কন্যা শিশুদের জন্য একটি সরকারি শিশু আবাস নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আবাসিক শিশুদের শিক্ষার মান উন্নয়নের জন্য ২০২৫-২৬ অর্থবছরে ৬ টি চিল্ড্রেন হোম ও ২ টি আফটার কেয়ার হোম স্মার্ট ক্লাস রুম স্থাপন করা হয়েছে বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী টিঙ্কু রায়ের সাথে ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিকরা।

