স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর : স্মার্ট সিটিতে চুরির ঘটনা মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। অভিযোগ পেয়ে তদন্তে নেমে দুই চোরকে জালে তুলতে সক্ষম হলো পুলিশ। তাদের কাছ থেকে আটক করা হয়েছে বহু টমটমের ব্যাটারি সহ একটি মারুতি গাড়ি। সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান, বিজয় কুমার বণিক নামে এক ব্যক্তি থানায় অভিযোগ করেছে তার টমটমে ব্যাটারি চুরি হয়েছে।
পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্তে নামে। তারপর পুলিশ ধলেশ্বর এলাকা থেকে কৃষ্ণ দাস এবং সোহেল চৌধুরী নামে দুই ব্যক্তিকে জালে তুলেছে। তাদের কাছ থেকে টমটমের ৪ টি ব্যাটারি, কম্পিউটার সামগ্রী এবং একটি গাড়ি উদ্ধার হয়েছে। টি আর ০১ আর ০৩৫৯ নম্বরের গাড়িটি চুরির কাজে ব্যবহার করত বলে তাদের কাছ থেকে জানতে পারে পুলিশ। এ চুরির ঘটনার সাথে জড়িত মোট সাতজন। পুলিশ ৫ জনকে জালে তোলার জন্য তদন্ত শুরু করেছে। আটক হওয়া দুজনকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে।

