নয়াদিল্লি, ২৪ জুলাই (হি.স.): বৃহস্পতিবার রাতে পরিবেশবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক গত ২৬ দিন ধরে চলা অনশন ভঙ্গ করেছেন। এই বিষয়ে সেদিন রাতেই তিনি জানিয়েছিলেন সমাজ মাধ্যমে| শুক্রবার সকালে সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি এই সংক্রান্ত আরও একটি ভিডিও-বার্তা প্রকাশ করেন| তিনি বলেন, দেশে দায়বদ্ধতা সুনিশ্চিত করা উচিত। তিনি সরকারের সঙ্গে হওয়া আলোচনা এবং আশ্বাসের বিষয়েও জানিয়েছেন।
সোনম ওয়াংচুকের বক্তব্য, সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা তাঁকে আশ্বাস দিয়েছেন, সংসদে পরীক্ষা ব্যবস্থার ব্যর্থতার দায়বদ্ধতা নির্ধারণের জন্য আলোচনা করা হবে। পাশাপাশি, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারকে সরকার উপযুক্ত ক্ষতিপূরণ দেবে। তিনি আরও জানান, সরকার তাঁকে আশ্বাস দিয়েছে, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শনকারী ছাত্র ও যুবকদের বিরুদ্ধে কোনও মামলা দায়ের করা হবে না।
উল্লেখ্য, সোনম ওয়াংচুক বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে তাঁর গত ২৬ দিন ধরে চলা অনশন ভঙ্গ করেছেন।

