স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ জুলাই : ২১ জুলাই যান দুর্ঘটনায় মৃত্যু হয় আইনজীবী বিশ্বজিৎ দেববর্মার। তারপর ঊনকোটি জেলার আইনজীবীদের পক্ষ থেকে অভিযোগ করা হয় ঊনকোটি জেলা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতির কারনে মৃত্যু হয়েছে আইনজীবী বিশ্বজিৎ দেববর্মার। একই অভিযোগ উত্থাপন করে শুক্রবার ত্রিপুরা বার এসোসিয়েশন সভাপতি পৃথা দেব, সম্পাদক ভাস্কর দেববর্মা সহ এক প্রতিনিধিদল স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা দেবশ্রী দেববর্মার সাথে সাক্ষাৎ করেন।
স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সাথে সাক্ষাৎ করার পর আইনজীবী ভাস্কর দেববর্মা জানান আইনজীবী বিশ্বজিৎ দেববর্মাকে দুর্ঘটনার পর আহত অবস্থায় ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশ্বজিৎ দেববর্মার চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে গাফিলতি করা হয়েছে। এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তাকে অবগত করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা জানিয়েছেন এই ঘটনার তদন্ত করা হচ্ছে। তিনি ঊনকোটি জেলা হাসপাতালের চিকিৎসকদের কাছে এই ঘটনার রিপোর্ট চেয়েছেন।

