বাড়িজাতীয়পুরীতে রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট বহু, মৃত ১; পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ

পুরীতে রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট বহু, মৃত ১; পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ

পুরী, ১৬ জুলাই (হি স): রথযাত্রাকে কেন্দ্র করে আগাম সতর্ক ছিল ওড়িশা প্রশাসন। আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থাও। মন্দির চত্বরে মোতায়েন করা হয় হাজার হাজার পুলিশকর্মী, দুর্যোগ মোকাবিলা বাহিনী। প্রস্তুত রাখা ছিল দমকল এবং চিকিৎসক টিমও। কিন্তু তা সত্বেও ছন্দপতন।

বৃহস্পতিবার জগন্নাথ-বলরাম-শুভদ্রার রথের রশিতে টান দেওয়ার উদ্দেশে ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যেতেই বড় বিপত্তি ঘটে। ভক্তদের ঠেলাঠেলিতে হুড়মুড়িয়ে পড়ে যান অনেকে। ব্যাপক ভিড়ের চাপে কার্যত পিষে যান বহু পুণ্যার্থী। পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে খবর।

ওড়িশার স্বাস্থ্য দফতর সূত্রে খবর, অসুস্থ বহু পুণ্যার্থীই হাসপাতালে চিকিৎসাধীন। বেশিরভাগই শ্বাসকষ্ট, পানীয় জল পর্যাপ্ত না নেওয়ায় শরীর শুকিয়ে যাওয়া এবং ভিড়ের চাপেই অসুস্থ হয়ে পড়েন। তাঁদের চিকিৎসার জন্য পুরীর জেলা হাসপাতাল-সহ একাধিক মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য বিশেষ উদ্ধারপথ আগে থেকে তৈরি রাখা হয়েছিল। প্রশাসনের তরফে ভক্তদের নির্ধারিত পথ ব্যবহার করে জগন্নাথ দর্শন এবং নিরাপত্তাকর্মীদের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে। চলছে পুলিশের লাগাতার মাইকে প্রচার। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থদের অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠান পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য