স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জুলাই : নিয়ম কানুন তৈরি করা হয় জনসাধারণের জন্য। আর এইগুলির সঠিকভাবে কার্যকর করার জন্য রয়েছে প্রশাসন। কিন্তু এবার প্রশাসন সেসব নিয়ম-কানুন নিজেদের সময় ভুলে যেতে বসেছে। এই অভিযোগ উঠার পেছনে মূলত কারণ হলো পুলিশের গাড়ি দিয়ে জাতীয় সড়ক অবরোধ করে দাপট দেখিয়ে চলেছে বিশালগড় থানার পুলিশ। জানা গেছে বিগত বেশ কয়েক মাস ধরে বিশাল থানার মধ্যে গাড়ির জায়গা না থাকার ফলে পুলিশ বাবুরা জাতীয় সড়কে বেছে নিয়েছেন।
যত্রতত্রভাবে পুলিশের বাস, লরি, ভ্যান এবং জিপ গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে। পুলিশের গাড়ি জাতীয় সড়কের মধ্যে অবৈধভাবে পার্কিং করে রাখার ফলে রাস্তার দুই পাশে জরুরি পরিষেবা গাড়ি সহ যাত্রীবাহী গাড়ি আটকে পড়ছে প্রতিদিন। কিন্তু অবাক করা বিষয় হলো থানার মূল ফটকের সামনে এই যানজট লেগে থাকলেও দেখা মেলেনি বিশালগড় থানার কোন পুলিশ অফিসারকে। প্রতিদিন এভাবে যানজট সৃষ্টি হচ্ছে বিশালগড় থানার সামনে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো থানার পাশে রয়েছে ফায়ার সার্ভিসের কার্যালয়। বিভিন্ন সময় দমকলের ইঞ্জিন পর্যন্ত এই যানজটে আটকে পড়ছে। গাড়ির আওয়াজ শুনলে থানা থেকে বের হয়ে আসেন দু-একজন বাবু। তারপর দায়িত্ব শেষ। কিন্তু এই রাস্তা দিয়ে প্রতি ঘন্টায় এম্বুলেন্স যাতায়াত করছে। পুলিশ বাবুদের কাণ্ডজ্ঞানহীনতার কারণে এই যানজট। থানার ভেতর গাড়ি রাখার জায়গা না থাকলে জাতীয় সড়কের মধ্যে রাস্তার পাশে গাড়ি রাখা যায়। কিন্তু গাড়ি জাতীয় সড়ক দখল করে ঘন্টার পর ঘন্টা দিন রাত এক করে দাঁড়িয়ে থাকবে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমনটাই ভাবছে পথচারীরা। অনেকে বলছে আজকে যদি কোন জনসাধারণ রাস্তার মধ্যে এভাবে গাড়ি থামিয়ে যানজট সৃষ্টি করত তাহলে জরিমানা দিতে হতো। তারা পুলিশ বলে যত সব নিয়মকানুন জনসাধারণের জন্য। এভাবেই নিয়ম লঙ্ঘন করে বিশালগড় থানা প্রাঙ্গণে জাতীয় সড়ক দখল করে রেখেছে পুলিশ বাবুরা।

