স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।১০ জুলাই : রাজ্যে নিরাপদ নয় পুলিশ! পুলিশের সদর কার্যালয়ের পাশ থেকে অপহরণের মতো ঘটনা ঘটেছে পুলিশের এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের সঙ্গে। তাই পুলিশের নিরাপত্তার দাবিতে আইজিপি-র কাছে গেলেন বাম যুব সংগঠনের প্রতিনিধিদল। প্রতিনিধি দলে উপস্থিত ডি ওয়াই এফ আই -র রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা সব দিক থেকে শেষ! এখন পুলিশের নিরাপত্তা পর্যন্ত নেই। তাই পুলিশের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য পুলিশের আইজিপির সঙ্গে দেখা করতে এসেছেন ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ -এর প্রতিনিধি দল। প্রতিদিন আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ।
এখন সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ কর্মীরা পর্যন্ত আক্রান্ত। গত কয়েক মাসে বিচারক, পুলিশ কর্মী এবং এস ডি এম আক্রান্তের ঘটনা সামনে এসেছে। তাই তাদের নিরাপত্তা সবার আগে প্রয়োজন। তারা আক্রান্ত হলে মানুষকে রক্ষা করবে কে? এই প্রশ্ন তোলা হয় আইজিপি-র কাছে। তিনি আইনশৃঙ্খলা নিয়ে তথ্য দেওয়ার চেষ্টা করেছেন। সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিক আইজিপিকে বলা হয়েছে আপনি তথ্য ছেড়ে বাস্তবে আসার চেষ্টা করুন। পুলিশের সদর কার্যালয়ের পাশ থেকে অপহরণ হয়ে যাচ্ছে পুলিশ কর্মী। তাই আগে পুলিশের নিরাপত্তা সুনিশ্চিত করতে দাবী করা হয়েছে আইজিপি-র কাছে।

