বাড়িবিশ্ব সংবাদস্পেনে ভয়াবহ দাবানল, মৃত ১২, নিখোঁজ ১৯

স্পেনে ভয়াবহ দাবানল, মৃত ১২, নিখোঁজ ১৯

মাদ্রিদ, ১০ জুলাই (হি.স.): দক্ষিণ স্পেনের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১৯ জন। বহু মৃতদেহ পুড়ে যাওয়া গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে। প্রবল তাপপ্রবাহ ও দীর্ঘস্থায়ী গরমের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়া আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আঞ্চলিক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আলমেরিয়ার বেদার ও লস গালার্দোস এলাকায় আগুন লাগার পর থেকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও ত্রাণকাজ চলছে। মৃতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। আন্দালুসিয়ার জরুরি পরিষেবা বিষয়ক মন্ত্রী আন্তোনিও সাঞ্জ জানান, প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে যে মৃতদের অধিকাংশ, কিংবা সম্ভবত সকলেই, বিদেশি নাগরিক। আগুন নিয়ন্ত্রণে প্রায় ১৫০ জন দমকলকর্মী এবং পাঁচটি অগ্নিনির্বাপক গাড়ি মোতায়েন করা হয়েছে।

ঘটনার সময় ওই অঞ্চলের তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিদ্যুতের তার ছিঁড়ে শুকনো ঝোপঝাড়ে আগুন লাগে এবং প্রবল হাওয়ার জেরে তা দ্রুত আশপাশের জঙ্গলে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি প্রশাসন।

দাবানলের জেরে একাধিক সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ৫০ জনকে অস্থায়ীভাবে একটি সাংস্কৃতিক কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে। উদ্ধারকাজে স্পেনের মিলিটারি এমার্জেন্সি ইউনিট (ইউএমই)-কেও নামানো হয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে জানান, দাবানলের ভয়াবহ পরিণতিতে তিনি গভীরভাবে মর্মাহত। আন্দালুসিয়ার আঞ্চলিক প্রধান হুয়ানমা মোরেনোও ঘটনাটিকে ‘বড় ট্র্যাজেডি’ বলে উল্লেখ করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বর্তমানে স্পেন তীব্র তাপপ্রবাহের কবলে। আন্দালুসিয়ার একাধিক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় ‘অরেঞ্জ ওয়েদার ওয়ার্নিং’ জারি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলের ঝুঁকি আরও বাড়ছে।

জাতীয় আবহাওয়া সংস্থা এইএমইটি জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলিতে স্পেনে রেকর্ড মাত্রার তাপপ্রবাহ দেখা যাচ্ছে। চলতি মাসের শুরুতেও কোস্তা ব্রাভা অঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে হাজার হাজার মানুষকে বাড়ির ভিতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। গত বছর দেশজুড়ে দাবানলে প্রায় চার লক্ষ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ ক্ষয়ক্ষতির ঘটনা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য