নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.): বিদেশ সফরের তৃতীয় পর্যায়ে , শুক্রবার নিউ জিল্যান্ডে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন অকল্যান্ড বিমানবন্দরে অবর্তীর্ণ হলে কূটনৈতিক প্রোটোকল ভেঙে ভারতের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। দীর্ঘ ৪০ বছর পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী নিউ জিল্যান্ড সফরে গেলেন। নিজের এই ঐতিহাসিক সফরের কথা সামাজিক মাধ্যম ‘এক্স’-এ পোস্ট করে নিজেই জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
‘এক্স’ হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “কিছুক্ষণ আগেই অকল্যান্ডে এসে পৌঁছেছি। বিমানবন্দরে উপস্থিত থেকে স্বাগত জানানোর জন্য প্রধানমন্ত্রী লাক্সনের কাছে আমি কৃতজ্ঞ। এই সফরটি অত্যন্ত ঐতিহাসিক, কারণ দীর্ঘ চার দশকে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী নিউ জিল্যান্ড সফরে এলেন। ভারত-নিউ জিল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে প্রধানমন্ত্রী লাক্সনের সঙ্গে আলোচনা করতে আমি মুখিয়ে আছি। পাশাপাশি, আগামীকাল অকল্যান্ডে প্রবাসী ভারতীয়দের একটি কর্মসূচিতেও অংশ নেব।”
প্রশাসনিক সূত্রে খবর, পূর্ববর্তী দু’টি দেশ সফর শেষে দু’দিনের সরকারি সফরে অকল্যান্ডে পা রেখেছেন মোদী। এই সফরে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একটি উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। যেখানে গত দুই বছরে ভারত ও নিউ জিল্যান্ডের মধ্যে বাণিজ্য, কমার্স এবং প্রতিরক্ষা ক্ষেত্রে যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তার সামগ্রিক পর্যালোচনা করবেন মোদী ও লাক্সন।
অকল্যান্ড সফর চলাকালীন নিউ জিল্যান্ডের শীর্ষস্থানীয় শিল্পপতি ও ক্রীড়াজগতের একঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গেও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও, সেখানে বসবাসকারী বিপুল সংখ্যক প্রবাসী ভারতীয়দের উদ্দেশে এক নাগরিক সভাতেও তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।

