স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জুলাই : বর্তমান সরকার বড় স্বপ্ন নিয়ে বিদ্যারজ্যোতি প্রকল্প বাস্তবায়নে হাত বাড়িয়েছে। অথচ, পরিকাঠামোর অবস্থা কঙ্কালসার। পরীক্ষার সাতদিন আগেও বই হাতে পেল না ছাত্রছাত্রীরা। পরীক্ষা নিয়ে অনিশ্চিতায় দিন কাটছে চড়িলাম ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী বিদ্যালয়ের নবম শ্রেণীর পড়ুয়াদের। অভিযোগ উঠেছে এন.সি.ই.আর.টি -র বিরুদ্ধে। তাদের খামখেয়ালিপনার কারণে সি বি এস ই বোর্ডের নবম শ্রেণী পড়ুয়া ছাত্রছাত্রীরা এখনো বই পায়নি। ছাত্র-ছাত্রীদের অভিযোগ জুলাই মাসের ১৩ তারিখ থেকে তাদের পিরিডয়ডিক অ্যাসেসমেন্ট পরীক্ষা। কিন্তু এখন পর্যন্ত তাদের এস.এস.টি বই আসেনি।
যার ফলে তারা সমস্যা রয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি স্বীকার করেছেন সি.বি.এস.ই বোর্ড পরিচালিত ভারতরত্ন অটল বিহারি বাজপেয়ি চড়িলাম বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের অধ্যক্ষ মণিময় ভৌমিক। তিনি বলেন, ছাত্রছাত্রীরা এখনো এস এস টি বই হাতে পায়নি। আগরতলা, বিশালগড় এবং চড়িলাম সহ বিভিন্ন জায়গার বাজারে খোঁজ করা হয়েছে। কিন্তু কোন বাজারে বই পায় নি। তাই ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত অধ্যায়গুলি পুরনো বইয়ের সঙ্গে মিল রয়েছে, সেই অধ্যায় গুলির উপর ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া হবে। তাহলে কোন সমস্যা হবে না বলে মনে করছেন তিনি।

