স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জুলাই : বিলোনিয়া স্থিত দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের জেনারেটরে অগ্নিসংযোগ ঘিরে কর্মীদের মধ্যে সৃষ্টি হয় চাঞ্চল্য। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার দুপুরে হঠাৎ অফিস চত্বর থেকে কালো ধোঁয়া বের হতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মীদের মধ্যে। মুহূর্তের মধ্যেই সকলে অফিস থেকে বের হয়ে চিৎকার শুরু করেন।
পরে দেখা যায়, অফিসের জেনারেটরে দাউদাউ করে আগুন জ্বলছে। পরিস্থিতি সামাল দিতে কর্মীরা দ্রুত জল সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক চেষ্টা চালান। পাশাপাশি জেনারেটরের পাশে থাকা যানবাহনগুলোও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। খবর পেয়ে বিলোনিয়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তৎপরতা এবং অফিস কর্মীদের দ্রুত পদক্ষেপের ফলে আগুন অফিস ভবনে ছড়িয়ে পড়েনি। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। জানা গেছে, কয়েক দিন আগেই জেনারেটরটি মেরামত করা হয়েছিল। শুক্রবার কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে ওই জেনারেটর চালু করা হয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই জেনারেটর থেকে প্রথমে কালো ধোঁয়া বের হতে শুরু করে এবং পরে তা ভয়াবহ অগ্নিকাণ্ডে রূপ নেয়। শেষ পর্যন্ত জেনারেটরটি সম্পূর্ণ পুড়ে যায়।

