স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জুলাই : স্বামীর নির্যাতনের এক গৃহবধূ খুনের অভিযোগ আমবাসায়। নিহত গৃহবধূর নাম শিল্পী পাল। বয়স ৪০। অভিযোগের তীর গৃহবধূর স্বামী গোপাল পালের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগ, মৃত গৃহবধূর স্বামী গোপাল পাল পেশায় একজন গাড়ি চালক হলেও, দীর্ঘদিন ধরে সে কাজে যেতেন না। সারাদিন মদ্যপ অবস্থায় থাকত এবং স্ত্রীর উপর নির্যাতন চালানোই ছিল তার নিত্যদিনের কাজ। পারিবারিক এই কলহ চরম রূপ নেয় বৃহস্পতিবার বিকেলে।
ছেলে মেয়েদের অনুপস্থিতিতে তাদের মাকে খুন করে বলে অভিযোগ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৃত গৃহবধুর ছেলে মেয়েরা জানান, তাদের বাবা প্রতিনিয়ত মদপ্য অবস্থায় থাকতেন। তার মায়ের উপর নির্যাতন চালাত। বৃহস্পতিবার রাতের বেলা বাড়ি ফিরে দেখেন ঘরের বিছানার নিচে হত্যা করে লুকিয়ে রেখেছে তার মাকে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মৃত গৃহবধুর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্তের খোঁজে আছে পুলিশ। খবর লেখা পর্যন্ত অভিযুক্তকে জালে তুলতে ব্যর্থ আমবাসা থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

