বাড়িবিশ্ব সংবাদভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২,৫৯৫, আহত ১২ হাজারের বেশি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২,৫৯৫, আহত ১২ হাজারের বেশি

কারাকাস, ৩ জুলাই (হি.স.) : দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত ২৪ জুনের বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২,৫৯৫-এ পৌঁছেছে। আহত হয়েছেন ১২,৪০০-রও বেশি মানুষ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, মৃত ও আহতদের সমস্ত তথ্য বিস্তারিত যাচাই-বাছাইয়ের পরই সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

জানা গেছে , প্রাথমিক তালিকায় মৃত বলে উল্লেখ থাকা পাঁচজনকে পরে জীবিত অবস্থায় শনাক্ত করা হয়। ভেনেজুয়েলার ফিঙ্গারপ্রিন্ট-ভিত্তিক ভর্তুকিযুক্ত জ্বালানি ব্যবস্থার মাধ্যমে তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। রদ্রিগেজ বলেন, যথাযথ যাচাই ছাড়া কোনও পরিসংখ্যান সরকার প্রকাশ করতে চায় না।

গত ২৪ জুন ৭.২ ও ৭.৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কারাকাস এবং উপকূলবর্তী লা গুয়েরা প্রদেশে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। বহু বহুতল ভবন ভেঙে পড়ে এবং সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরও গুরুতর ক্ষতিগ্রস্ত হয়।

সরকারি হিসাব অনুযায়ী, অন্তত ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১২,৮০০ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, প্রায় ১৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অনানুষ্ঠানিক সূত্রে এখনও কয়েক হাজার মানুষের নিখোঁজ থাকার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

পুনর্গঠন কাজে প্রাথমিকভাবে ২০ কোটি মার্কিন ডলার বরাদ্দ করেছে ভেনেজুয়েলা সরকার। আন্তর্জাতিক সহায়তা সংগ্রহের জন্য সিএএফ-লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান উন্নয়ন ব্যাঙ্কে একটি বিশেষ তহবিলও খোলা হয়েছে। পাশাপাশি মার্কিন বিদেশ দফতর, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাঙ্ক এবং ইন্টার-আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সঙ্গেও পুনর্গঠন নিয়ে আলোচনা চলছে।

রদ্রিগেজ জানান, ক্ষতিগ্রস্ত ভবনের কাঠামোগত মূল্যায়ন এবং পুনর্গঠন পরিকল্পনায় সহায়তার জন্য ইজরায়েলের বিশেষজ্ঞদের একটি দল শীঘ্রই ভেনেজুয়েলায় পৌঁছবে। রাষ্ট্রপুঞ্জের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-র প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সম্পত্তি মিলিয়ে প্রায় ৬৭০ কোটি মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে, ত্রাণ ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য চারটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং শতাধিক কর্মী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ১৫ কোটি মার্কিন ডলারের মানবিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে ওয়াশিংটন। ব্রাজিল, মেক্সিকো, কানাডা, কিউবা এবং সুইৎজারল্যান্ড-সহ একাধিক দেশ রাষ্ট্রপুঞ্জের সমন্বয়ে ভেনেজুয়েলাকে সহায়তার প্রস্তাব দিয়েছে।

ত্রাণ ও উদ্ধারকাজে বিলম্বের অভিযোগ উড়িয়ে দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যেই জাতীয় জরুরি ও নাগরিক সুরক্ষা প্রোটোকল কার্যকর করা হয়েছিল। এখনও উদ্ধার ও পুনর্বাসনের কাজ অব্যাহত রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য