কৌশাম্বি, ৩ জুলাই (হি.স) : উত্তর প্রদেশের কৌশাম্বি জেলায় এলপিজি-বোঝাই ট্যাঙ্কারের বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন দু’জনের মৃত্যু হয়েছে। এর ফলে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। এদিকে, দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোখরাজ থানা এলাকার সিরোহি টোল প্লাজায় একটি এলপিজি-বোঝাই ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার দেওয়াল ও কেবিনে ধাক্কা মারে। এরপরই ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ হয়। আগুন ও ধোঁয়ায় মুহূর্তের মধ্যে গোটা এলাকা ঢেকে যায়। চারদিকে মানুষের আর্তনাদ শোনা যায়।
দুর্ঘটনায় ট্যাঙ্কারচালক ধর্মেন্দ্র দুবে এবং টোলকর্মী অলোক সিং ঘটনাস্থলেই মারা যান। আহত অনিল কুমারের মৃত্যু হয় বুধবার। এছাড়া আহত আরও দুই টোলকর্মী—রায়বরেলির বাসিন্দা অনিল এবং মধ্যপ্রদেশের বাসিন্দা কৃষ্ণপাল বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনায় টোল প্লাজার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি এলপিজি ট্যাঙ্কার টোল প্লাজায় প্রবেশ করে। এর মধ্যে একটি নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়াল ও টোল কেবিনে ধাক্কা মারে। দুর্ঘটনা বুঝতে পেরে টোলকর্মীরা প্রাণ বাঁচাতে ছুটে পালান। পরে জ্বলন্ত ট্যাঙ্কার থেকে আগুনের স্ফুলিঙ্গ পাশের জেনারেটর কক্ষে ছড়িয়ে পড়লে সেখানেও আগুন ধরে যায়।

