অযোধ্যা, ২৯ জুন (হি.স.): অযোধ্যার রামমন্দিরের অনুদান চুরির অভিযোগে যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের পক্ষে কোনও আইনজীবী পাওয়া মুশকিল হতে পারে বলে মনে করা হচ্ছে। অযোধ্যা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার সাধারণ সভার আয়োজন করা হয়। সেই সভায় আইনজীবীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন অযোধ্যার বার অ্যাসোসিয়েশনের সভাপতি কালিকা প্রসাদ মিশ্র।
রাম মন্দিরের অনুদান আত্মসাতের ঘটনা নিয়ে ফৈজাবাদ আইনজীবী সমিতির একটি বৈঠক হয় সোমবার। বৈঠকের পর অযোধ্যা বার অ্যাসোসিয়েশনের সভাপতি কালিকা প্রসাদ মিশ্র বলেছেন, “এই মামলায় কোনও আইনজীবীই অভিযুক্তের পক্ষে দাঁড়াবেন না এবং যদি কেউ তা করেন, তবে তাঁকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হবে।” উল্লেখ্য, এর আগে ২০০৫ সালে একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন অযোধ্যার আইনজীবীরা। রামমন্দিরে সন্ত্রাসবাদী হামলার অভিযোগে যাঁদের গ্রেফতার করা হয়েছিল, তাঁদের হয়ে কোনও আইনজীবী আদালতে সওয়াল করবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

