পুরী, ২৯ জুন (হি.স.): পুরীতে চিরাচরিত ধর্মীয় মর্যাদার সঙ্গে সোমবার পালিত হল জগন্নাথ দেবের স্নান যাত্রা। পবিত্র তিথিতে স্নান যাত্রায় ধর্মীয় রীতি মেনে জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রাকে স্নান বেদীতে নিয়ে এসে স্নান করানো হয়। দেবস্নান পূর্ণিমা উপলক্ষ্যে এদিন হাজার হাজার ভক্ত ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার ‘স্নানযাত্রা’ প্রত্যক্ষ করতে পুরীতে আসেন।
স্নানযাত্রা উপলক্ষ্যে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নানবেদিতে আনা হয় এবং ভক্তদের দর্শনের অনুমতি দান করা হয়। কূপের জল মন্ত্র দ্বারা শুদ্ধ করে ১০৮ কলস জলে বিগ্রহ স্নান করানো হয়। স্নানপর্বের পর গজবেশে সাজানো হয়। এই উৎসবকালে প্রভু জগন্নাথ দর্শন করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস। স্নানযাত্রার পর শুরু হয় ‘অনসর’। এই অনসরকালে জগন্নাথদেব অসুস্থতার কারণে ভক্তগণের অন্তরালে গোপন স্থানে চিকিৎসাধীন থাকেন।

