স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ জুন : এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার চড়িলাম বিধানসভা কেন্দ্রের লাল সিং মুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সিপাহীজলা জেলার অধীন ২০ টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে এইদিন ফলক উন্মোচন হয়। এদিন লাল সিং মুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ২৪ ঘণ্টা ও.পি.ডি পরিষেবার সূচনা করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও ভার্চুয়ালি সিপাহীজলা জেলার ২০ টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। ২০ টি প্রকল্পের মধ্যে স্বাস্থ্য দপ্তরের ১৫ টি প্রকল্প, রাজস্ব দপ্তরের ৪ টি প্রকল্প এবং শিক্ষা দপ্তরের একটি প্রকল্প রয়েছে।
এই প্রকল্প গুলির জন্য মোট ব্যয় হবে ৬৫ কোটি ৪৯ লক্ষ টাকা। এইদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন দুই বার প্রতিঘরে সুশাসন অনুষ্ঠান করা হয়েছে। সরকার বর্তমানে জনগণের ঘরে পৌঁছে গেছে। সরকার মানুষের মুখে হাঁসি ফোটাতে চায়। মানুষের উন্নয়ন চায়। সেই লক্ষ্যে সরকার কাজ করছে। এখন থেকে লালসিং মুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ২৪ ঘণ্টা ও.পি.ডি পরিষেবা চালু থাকবে। তার সুবিধা নিতে পারবে এলাকার লোকজন। মানুষ বর্তমানে নিরাপদে থাকতে চায়। সহজ সরল ভাবে মানুষ সবকিছু পেতে চায়। তাই সরকার বিভিন্ন ক্ষেত্রে বারে বারে সংস্কার করছে। বিগত অর্থ বছরে প্রায় ১৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী বারে বারে বলছেন পরিকাঠামো উন্নয়ন না হলে কোন ভাবে একটা দেশ এবং একটা রাজ্যের উন্নয়ন হতে পাড়ে না।
রাজ্যের পরিকাঠামো উন্নয়নের জন্য এইবারের বাজেটে মূলধনি ব্যয়ের জন্য অর্থ বরাদ্দ আগের তুলনায় অনেকটা বৃদ্ধি করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরও জানান পরিকাঠামো উন্নয়নের ফলে বহিঃরাজ্য থেকে বিনিয়োগ কারিরা আসতে চাইছে। বিগত অর্থবছরে বহিঃরাজ্যের বিনিয়োগকারিদের সাথে প্রায় ৩০ হাজার কোটি টাকার মৌ সাক্ষর করা হয়েছে। ৩০ হাজার কোটি টাকার মধ্যে ইতিমধ্যে ৮ হাজার কোটি টাকার কাজ শুরু হয়ে গেছে বলে জানান মুখ্যমন্ত্রী। জিবি এবং এজিএমসি -র চিকিৎসকরা কি কারনে প্র্যাকটিস করতে পারবে না সে বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিরোধীদের মুখে ঝামা ঘষে দিলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, জনতা জনার্দন। মানুষের সেবা করতে হবে। কোন আপোষ করা যাবেনা। চিকিৎসকদের নিয়ে যে নিয়ম চালু করা হয়েছে সে নিয়ম নিয়ে চিকিৎসকরা কোন কিছু না বললেও কেউ কেউ রাজনীতি শুরু করেছে।
কিন্তু সপ্তম পে কমিশনে এই নিয়ম রয়েছে চিকিৎসকদের জন্য। পাশাপাশি এইমস হাসপাতাল থেকে সরকারকে বলা হয়েছে প্রাকটিস বন্ধ করতে পারলে ভালো হবে। সে অনুযায়ী সরকার এর নিয়ম কার্যকর করতে চলেছে বলে জানান মুখ্যমন্ত্রী। এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব, কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব, বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তফাজ্জল হোসেন, টাকারজলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ কলই, চড়িলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুবোধ দেববর্মা, গোলাঘাটি বিধানসভা কেন্দ্রে বিধায়ক মানব দেববর্মা, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, সিপাহীজলা জেলার জেলা শাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার রাজীব সূএধর সহ অন্যান্যরা।

