স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ জুন : রাজ্যের একটি মাত্র পুষ্টি প্রকল্প নিয়ে সরকারের গর্ব কেড়ে নিয়েছে দপ্তরের আমলারা। নিম্নমানের চাল প্রদান করছে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে। মোহনপুর ব্লকের অন্তর্গত ফটিকছড়া গ্রাম পঞ্চায়েতের হৃদয় পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্ন মানের চাল ও ডাল বিতরণকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন সুবিধাভোগী সহ শিশুদের অভিভাবকরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে যে চাল ডাল দেওয়া হচ্ছে গর্ভবতী মা সহ শিশুদের খাবারের জন্য সেই চাল ডালে কিল কিল করছে কিড়া পোকা।
ডাল গুলি সম্পূর্ণ খেয়ে ফেলেছে পোকা। এই চাল ডাল কিছুতেই খাবারের যোগ্য নয় বলে অভিযোগ সুবিধাভোগীদের। এই বিষয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার উনা দেবনাথের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন এই রকম খাদ্যসামগ্রীই দিচ্ছে সুপারভাইজার সৌরভ দেবনাথ। এই বিষয়ে সুপারভাইজার নাকি তাদেরকে পরামর্শ দিয়েছেন এই চালগুলো রোদে শুকিয়ে খাওয়ার জন্য। তাকে কেন্দ্র করেই শুরু হয় অভিযোগ। এই চাল ডাল খাওয়ার অনুপযুক্ত হওয়া সত্ত্বেও কেন শিশু এবং গর্ভবতী মায়েদের দেওয়া হচ্ছে, সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যারা চাল পাচ্ছে তারা অভিযোগ জানালে চাল পাল্টে দিতে নারাজ ওয়ার্কাররা। এখন দেখার এই ঘটনায় প্রজেক্ট ডিরেক্টর,দপ্তর সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে কি না।

