ইটানগর, ২৪ জুন (হি.স.) : ভারী বৃষ্টিপাতের ফলে অরুণাচল প্রদেশের কেয়ি পানিয়র জেলার ইয়াজালি সার্কলের অন্তর্গত ‘নর্থ-ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড’ (নিপকো) প্রকল্পের নিকটবর্তী পুসা এলাকায় সৃষ্ট হড়পা বানের ফলে ছয়টি জেলায় চরম বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। প্রবল বর্ষণজনিত বন্যা ও ভূমিধসের ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজ্যের পশ্চিমাঞ্চলের ছয়টি জেলা। বন্যার জলে ভেসে দুই মহিলা সহ পাঁচ জন নিখোঁজ এবং ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা সংকটজনক। তাঁদের নিকটবর্তী জিরো হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে।
কেয়ি পানিয়র জেলার পুলিশ সুপার এক বিবৃতি জারি করে এই তথ্য জানিয়েছেন। বিবৃতিতে জানানো হয়েছে, হড়পা বানে নিপকো কলোনির বাসিন্দা পাঁচজনের এখনও খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজরা যথাক্ৰমে এলেশ মারাক (১৩), বালারি মারাক (৩০), তাও আঞ্জিনা (৪৬), নির্মলা গুপ্তা (৩৫) এবং সৌরভ কুমার। তাঁদের সন্ধানে তালাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়া ক্ষতিগ্রস্ত জেলাগুলি যথাক্ৰমে আপার সুবনশিরি, কামলে, লোয়ার সুবনশিরি, কুরুং কুমেই, ক্রা দাদি এবং কেয়ি পানিয়র। পুলিশ সুপারের বিবৃতিতে বলা হয়েছে, একাধিক গুরুত্বপূর্ণ সড়কপথে বড় ধরনের ভূমিধস সংঘটিত হওয়ায় যাতায়াত ও উদ্ধারকাজে ব্যাপক বাধার সৃষ্টি হচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, কিমিন রুট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই পথে ১৫, ২১ এবং ২৩ কিলোমিটার পয়েন্টে ভূমিধসের ঘটনা ঘটেছে। এছাড়া ৩০ থেকে ৪০ কিলোমিটার অংশে ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে। সীমান্ত সড়ক সংস্থা দ্রুতগতিতে মেরামতির কাজ চালিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে, বৃহস্পতিবার বিকালের মধ্যে যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার করা সম্ভব হবে।
এছাড়া ইটানগর ক্যাপিটাল রিজিয়ন-হোজ-ইয়াজালি জাতীয় সড়কেও একাধিক স্থানে ভূমিধস হয়েছে। পাক্কে কেসাং এবং পূৰ্ব কামেং জেলার মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ রক্ষাকারী হোজ সেতু এবং সংযোগস্থল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানে পুনর্গঠনের কাজ চলছে। ধারণা করা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার বিকাল বা সন্ধ্যার মধ্যে যোগাযোগ পুনরায় চালু করা যাবে। রাজ্যের হাইওয়ে বিভাগ ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত ও অবরুদ্ধ রাস্তা পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে উদ্ধারকারী দল আটকে পড়া দুই ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছে। কেয়ি পানিয়র জেলা পুলিশ ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা ইয়াজালি জলাধার থেকে বিশু সিনহা নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছেন। এছাড়া ভারতের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার এক বিজ্ঞানীকেও ক্ষতিগ্রস্ত জাতীয় সড়ক এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
পুসার নিপকো কলোনিতে হড়পা বানের ঘটনায় মোট ১৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের চিকিৎসার জন্য জিরোয় পাঠানো হয়েছে। তবে পিটাপুল এলাকায় রাস্তা বিচ্ছিন্ন থাকায় উদ্ধারকারী ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের রোগীদের কাঁধে করে ক্ষতিগ্রস্ত অংশ পার করাতে হয়েছে, এরপর তাঁদের অ্যাম্বুলেন্সে তোলা সম্ভব হয়।

