নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.): বিজেপি বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে তাঁর পরিবারের পরিচালিত ট্রাস্টকে জমি বরাদ্দ সংক্রান্ত কর্ণাটকের একটি জমি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ তুলেছে।
নতুন দিল্লিতে দলের সদর দফতরে সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারি বলেন, ২০২৪ সালে কর্ণাটক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ডেভেলপমেন্ট বোর্ড (কেআইএডিবি) মহাকাশ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নের জন্য ট্রাস্টটিকে প্রায় পাঁচ একর শিল্পভূমি বরাদ্দ করেছে। ভান্ডারি এই বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অভিযোগ করেছেন, এই ক্ষেত্রগুলিতে ট্রাস্টটির কোনও পূর্ব অভিজ্ঞতা ছিল না এবং তা সত্ত্বেও প্রায় ১০০ কোটি টাকা মূল্যের এই জমিটি মঞ্জুর করা হয়েছে।
বিজেপি নেতা প্রদীপ ভান্ডারি বলেন, “আমাদের অভিযোগ, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং তাঁর ছেলে (প্রিয়ঙ্ক খাড়গে) ‘সিদ্ধার্থ বিহার ট্রাস্ট’ নামক একটি ট্রাস্টের মাধ্যমে জমি লুট করছেন। আমি দুর্নীতির এমন একাধিক ঘটনা তুলে ধরব, যেখানে মল্লিকার্জুন খাড়গে এই ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন জমি দখল করেছেন এবং গরীবদের জমি জবরদখল করার জন্য তাঁর ক্ষমতা ও প্রভাব ব্যবহার করেছেন।”

