নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.) : কাতারের রাস লাফান গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে ১২ জন ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে গভীর শোকপ্রকাশ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। দু’দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে হওয়া এই টেলিফোন কথোপকথনে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
গত রবিবার রাতে রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির বারজান স্থানীয় গ্যাস সরবরাহ কেন্দ্রে বিস্ফোরণ ঘটে। কাতারএনার্জি এলএনজি পরিচালিত এই স্থাপনাটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিকাঠামো। সরকারি তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১২ জনই ভারতীয় নাগরিক। এছাড়া আহত হয়েছেন ৬৬ জন, যাঁদের মধ্যে বহু ভারতীয় শ্রমিক রয়েছেন।
প্রধানমন্ত্রী মোদী পরে এক বার্তায় জানান, ব্যক্তিগতভাবে ফোন করে শোকপ্রকাশ করায় তিনি কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়েছেন। দুই নেতা নিহতদের পরিবারের শোক ভাগ করে নিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত ও কাতারের মধ্যে ঘনিষ্ঠ ও বিশ্বাসভিত্তিক সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে। দুই দেশই নিজ নিজ নাগরিকদের নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই কঠিন সময়ে একে অপরের পাশে থাকবে।
দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, কাতার প্রশাসনের সঙ্গে তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আহত সব ভারতীয় বর্তমানে চিকিৎসাধীন এবং তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল। দূতাবাসের আধিকারিকরা স্থানীয় প্রশাসন, হাসপাতাল এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।
এদিকে, বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কাতার প্রশাসন। বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রফতানি কেন্দ্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে বিপুল সংখ্যক প্রবাসী কর্মী কাজ করেন, যাঁদের মধ্যে ভারতীয়দের সংখ্যাই অন্যতম বেশি।

