স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জুন : রাত তিনটায় গোপন খবরের ভিত্তিতে মাদক কারবারির বাড়িতে হানা দিল যাত্রাপুর থানার পুলিশ। গাঁজা, এসকফ সিরাপ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে অভিযুক্তকে জালে তুলেছে। ঘটনা প্রসঙ্গে যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক জানান, বুধবার গভীর রাতে তাদের কাছে একটি খবর আসে থানা এলাকার গ্রাম পঞ্চায়েত বাঁশ পুকুরের মহরম আলী পাড়ার আক্তার হোসেনের বাড়িতে অবৈধভাবে নেশা জাতীয় দ্রব্য সহ একটি আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে।
এই খবর পাওয়ার কিছুক্ষণ পরেই যাত্রাপুর থানার পুলিশ এবং টি এস আর জওয়ান ছুটে যান। আক্তার হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে তার ঘরেই প্লাস্টিকের ড্রাম ভর্তি ২০ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা, ২০ টি এস কফ সিরাফ এবং একটি দেশি বন্দুক বাড়ির মালিকের বসত ঘর থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নেশা দ্রব্য এবং দেশি বন্দুকটি পুলিশ বাজেয়াপ্ত করে বাড়ির মালিক আক্তার হোসেনকে থানায় নিয়ে আসে। আক্তার হোসেনের বয়স ২৪।

