স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ জুন : সরকারে শাসক প্রধান এবং শরিক দলের মধ্যে কাগজে-কলমে বন্ধুত্ব হলেও বাস্তব মাটিতে দুই দলের নিচুস্তরের কর্মী ও কার্যকর্তাদের মধ্যে সম্পর্ক ফিকে। একে অপরের চোখের বিষ হয়ে উঠছে দিন দিন। এবার এক আর.এস.এস অনুগামী বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ উঠেছে তিপ্রা মথার সংখ্যালঘু সেলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। আক্রান্তের নাম রাজু দে। ঘটনা রবিবার রাতে উদয়পুরের গর্জি এলাকায়।
এই ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, এদিন কাজ সেরে ফেরার পথে রাজু দে-কে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে দাতারাম মায়াপুরী এলাকার এক নির্জন স্থানে মারধর করা হয়। তাঁর কাছ থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয়দের খবরের ভিত্তিতে গর্জি ফাঁড়ি থানা পুলিশ দ্রুত তৎপর হয়ে প্রায় দুই ঘণ্টা পর তাঁকে উদ্ধার করে।
ঘটনার পর রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ তদন্ত শুরু করেছে। আক্রান্তের দাবি, পূর্বের কোন এক ঘটনার জেরেই এই হামলা চালিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পরিস্থিতি থমথমে। তবে ভিলেজ কমিটির নির্বাচনের আগে সাংগঠনিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে বড় প্রভাব পড়বে দুই দলের মধ্যেই। কারণ এ ধরনের দোস্তি এবং কুস্তি ভূ-ভারতের কোন প্রধান শরিক এবং ছোট শরিকের মধ্যে রয়েছে কিনা জানা নেই। যা রাজ্যের বিরোধী রাজনৈতিক মহলের কাছে হাসির খোরাক ছাড়া আর কিছু নয়।

