স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ জুন : গত ১ আগস্ট মলয়নগর রবি পাড়ার বাসিন্দা শংকর দেবনাথের মেয়ে শিউলি দেবনাথের মৃত্যুর ঘটনায় বিচার না পাওয়ার অভিযোগ তুলেছেন তার মা, বাবা। শিউলির বাবা সংকর দেবনাথ ও মা স্বপ্না দেবনাথের দাবি, বিশালগড় থানার গোকুলনগর আদর্শ কলোনি এলাকার বাসিন্দা রাজু দেবনাথ, তার বাবা গোপাল দেবনাথ ও মা করুণা দেবনাথ মিলে পরিকল্পিতভাবে শিউলি দেবনাথকে হত্যা করেছে। এ ঘটনায় শিউলির বাবা-মা ও আত্মীয়-স্বজন বিশালগড় মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মামলার নম্বর ১৪/২০২৫। অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই শিউলির উপর টাকার জন্য বিভিন্ন ধরনের নির্যাতন চালাত। এমনকি তাকে হত্যার চেষ্টাও করা হয়েছে বলে পরিবারের দাবি। পরিবারের অভিযোগ, দীর্ঘ প্রায় ১১ মাস মেয়েকে নিজেদের বাড়িতে রাখার পর পুনরায় শ্বশুরবাড়িতে পাঠানো হয়। এরপর আবারও টাকার জন্য চাপ সৃষ্টি করা হয় এবং টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মা-বাবার পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও লিখিত আবেদন জানানো হয়েছে। কিন্তু, ঘটনার প্রায় ১০ মাস অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত পুলিশি তদন্তে কোনো অগ্রগতি হয়নি এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে তদন্তের জন্য কোনরকম যোগাযোগ করা হয়নি।মৃত শিউলি দেবনাথের বাবা সংকর দেবনাথ ও মা স্বপ্না দেবনাথ দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

