স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ জুন : স্বাস্থ্য পরিষেবার করুণ চিত্র লংতরাই ভ্যালি মহকুমা মাছলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। শনিবার ডেপোরেশন প্রদান করে ২৪ ঘন্টা পরিষেবা চাইল স্থানীয়রা। জানা যায়, মাছলি ও তার আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা মাছলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। কিন্তু দীর্ঘদিন ধরে এই কেন্দ্রে রাতে বা জরুরি প্রয়োজনে ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবা মিলছে না বলে অভিযোগ উঠেছে। এই চরম অব্যবস্থার প্রতিবাদে এবং অবিলম্বে ২৪ ঘন্টা পরিষেবা চালুর দাবিতে শুক্রবার ‘তোমার আমার ক্লাব’-এর উদ্যোগে এবং এলাকার সাধারণ জনগণকে সাথে নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়।
ক্লাব সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি খাতা কলমে বা কাগজ-পত্রে মাছলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি ২৪ ঘণ্টা খোলা থাকার কথা উল্লেখ থাকলেও, বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্তই স্বাস্থ্য কেন্দ্র খোলা থাকে। এর ফলে গভীর রাতে কোনো রোগী গুরুতর অসুস্থ হলে কিংবা কোনো গর্ভবতী মায়ের জরুরি প্রয়োজন দেখা দিলে, চরম বিপাকে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে বলে অভিযোগ। ক্লাবের সদস্যরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে আরও জানান যে, প্রশাসন যদি এই জনস্বার্থ সংশ্লিষ্ট দাবিটি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আগামী দিনে এলাকার সাধারণ মানুষকে সাথে নিয়ে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। এখন দেখার বিষয় স্বাস্থ্য দপ্তর থেকে কি ব্যবস্থা নেওয়া হয়।

