স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ জুন : পানীয় জলের জন্য হাহাকার কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকার মানুষের মধ্যে। জানা গেছে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের পঞ্চায়েত সদস্যা হানুফা খাতুনের বাড়িতে সরকারিভাবে একটি জলের মেশিন বসানো হয়েছিল পাড়ার মানুষদের জলের সুবিধার জন্য। বেশ কিছুদিন পাড়ার মানুষ এই মেশিন থেকে পানীয় জল ব্যবহার করার পর গত ৫-৬ দিন আগে পঞ্চায়েত সদস্যা হানুফা খাতুন পাড়ার মানুষদের জন্য জল সরবরাহ বন্ধ করে দেয়, শুধুমাত্র পঞ্চায়েত সদস্যার জন্য সেই জলের ব্যবস্থা চালু রেখেছেন অর্থাৎ শুধুমাত্র জলের সুবিধাটি নিজের জন্য চালু রেখেছে আর পাড়ার মানুষদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
পাড়ার মানুষদের অভিযোগ তারা জলের মেশিনের বিদ্যুৎ বিল নিয়ে গিয়েছিল, কিন্তু হানুফা খাতুন তাদের দেওয়া বিদ্যুৎ বিল গ্রহণ করেননি। পঞ্চায়েত সদস্যার এই ভূমিকায় ক্ষুদ্ধ পাড়ার মানুষ। শনিবার সকালে পাড়ার ভুক্তভোগী ক্ষুব্ধ মানুষ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তাদের এই জলের চরম সমস্যার কথা বিস্তারিতভাবে তুলে ধরতে গিয়ে জানিয়েছেন সরকার জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা করেছে কিন্তু তারা টাকা দিয়েও এই কিছুদিন ধরে জল পাচ্ছেন না তাতে তারা চরম সমস্যার সম্মুখীন হচ্ছে। পাড়ার মানুষ দূর থেকে উঁচু ঢিলা পেরিয়ে জল আনতে হচ্ছে। এদিন ভুক্তভোগী সাধারণ মানুষ রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছে দ্রুত যেন তাদের পাড়ার সকলের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয়। এখন দেখার বিষয় কবে নাগাদ এই সমস্যা সমাধান হয়।

