কলকাতা, ১২ জুন(হি.স.): ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়া ও চেটিয়ার ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। দ্বিতীয়ার্ধে বল জালে ঢুকল তিন বার। গতিময় ফুটবলের এই প্রদর্শনীতে চেকিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্ব আসরে শুভ সূচনা করল দক্ষিণ কোরিয়া।
মেক্সিকোর গুয়াদালহারার সাপোপানে খেলার ধারার বিপরীতে ৫৯ মিনিটে গোল করে চেকিয়াকে এগিয়ে দিয়েছিলেন লাজিস্লাভ ক্রেইচি। কিন্তু ৬৭ মিনিটে দুর্দান্ত একটি গোল করে এশিয়ার টাইগারদের সমতায় ফেরান হং ইন-বম। পরে তার পাস থেকেই ৮০ মিনিটে গোল করেন ওহ হিউন-গিউ। সেটিই ছিল জয়সূচক গোল।
২০১০ বিশ্বকাপের পর প্রথমবার জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে পারল দক্ষিণ কোরিয়া।
শুরু থেকেই দাপুটে ফুটবলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কোরিয়া। কিন্তু তাদের দুর্ভাগ্য তাদের বড় ভরসা, দেশের সর্বোচ্চ গোলের রেকর্ডের জন্য যার প্রয়োজন আর মোটে দুটি গোল, সেই সন হিউং-মিন একের পর এক সুযোগ হাতছাড়া করার পর তাকে তুলে নেওয়া হয়। অবশ্য তার হতাশাজনক পারফরম্যান্সের খেসারত দিতে হয়নি দক্ষিণ কোরিয়াকে।
ম্যাচের ৬২ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে কোরিয়া। গোলে শট নেয় ১৫টি, এরপর ৭টি থাকে লক্ষ্যে। জয়ের ব্যবধানে সেই দাপটের প্রতিফলন না পড়লেও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। সেই সঙ্গে বিশ্বকাপে তাদের অভিযানটা শুভ হল।

