নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): ভারতের দীর্ঘতম সময় ধরে ধারাবাহিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চিঠিতে রাষ্ট্রপতি উল্লেখ করেছেন, “এই মাইলফলকটি কেবল সরকারি পদে দীর্ঘতম সময় আসীন থাকার বিষয় নয়; এটি সেই আস্থারই স্বীকৃতি, যা ভারতের জনগণ পরপর কয়েকটি নির্বাচনে আপনার নেতৃত্বের প্রতি জ্ঞাপন করেছে।”
উল্লেখ্য, ভারতের ইতিহাসে নয়া নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০ জুন দেশে দীর্ঘতম সময় ধরে একটানা দায়িত্বে থাকার নিরিখে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়লেন তিনি। ২০১৪ সালের ২৬ মে প্রথম বার প্রধানমন্ত্রীর পদে শপথ নেওয়ার পর থেকে টানা ৪,৩৯৯ দিনেরও বেশি সময় দায়িত্ব পালন করে চলেছেন মোদী। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ডও ছাপিয়ে গেলেন তিনি।

