মস্কো, ১০ জুন (হি.স.) : ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনায় আলোচনায় বিলম্ব-এর অভিযোগ তুলে তেহরানকে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । বুধবার নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান আলোচনায় অত্যধিক সময় নিয়েছে এবং এর ফল ভোগ করতে হবে।
পোস্টে ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা নিয়েও কটাক্ষ করেন। তাঁর দাবি, ইরানের সামরিক বাহিনী বর্তমানে দুর্বল অবস্থায় রয়েছে এবং দেশটি শুধু কথার ফুলঝুরি ছড়াচ্ছে, কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
মার্কিন প্রেসিডেন্ট লেখেন, “ইরানের জন্য একটি ভালো চুক্তি হতে পারত। কিন্তু তারা আলোচনায় এতটাই দেরি করেছে যে এখন তাদের মূল্য চোকাতে হবে।”
ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে সামনে এল, যখন ইরানের পরমাণু কর্মসূচি এবং পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। তবে ট্রাম্পের বক্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

