স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জুন : সুশাসন জামানায় দিনে ডাকাতি মহারাজগঞ্জ বাজারে। রাতের অন্যতম প্রধান বাজার হলো এটা। বাজার কমিটিতে বসে সরকারি জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল বাজার নেতাদের বিরুদ্ধে। রবিবার হুলস্থুল কান্ড সংগঠিত হলো বাজারে। অভিযোগ, মহারাজগঞ্জ বাজারে সরকারি জমি বিক্রি করে দেয় বাজার কমিটির নেতারা। ঘটনার বিবরণে জানা যায়, মহারাজগঞ্জ বাজার সুলভের পেছনে একটি খালি জমি এলাকার কিছু ব্যবসায়ীকে অস্থায়ীভাবে বসার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছিল আগরতলা পুর নিগমের উদ্যোগে।
পরবর্তীতে তাদের তৌজি থাকায় তারা পুনরায় এলাকায় চলে গেলে মহারাজগঞ্জ বাজারের সুলভ টয়লেটের পেছনের জমিটি খালি পড়ে ছিল। পরবর্তী সময়, মহারাজগঞ্জ বাজার সবজি খুচরা ব্যবসায়ী সমিতির সম্পাদক নকুল দেবনাথ ও পাইকারি কমিটির সম্পাদক বিকাশ সাহা এবং খান্না মার্কেটের সহ-সভাপতি হরিহর দেবনাথ মিলে সেই খালি জমি দুজনের কাছে বিক্রি করে দেয়। দুটি ঘর ২০ লক্ষ টাকায় বিক্রি করে বাজারের ব্যবসায়ী উত্তম কর্মকারের নিকট। অপর দোকানটি ১২ লক্ষ টাকায় মরজগঞ্জে বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয় তারা।
শনিবার সেখানে স্থায়ীভাবে দোকান ঘর নির্মাণ করার সময় কেন্দ্রীয় কমিটির নজরে আসে। সঙ্গে সঙ্গে অবজেকশন দেওয়ার পর রবিবার দুপুরে এই জমিটি নিয়ে হুলুস্থুল কাণ্ড ঘটে মহারাজ গঞ্জে বাজারে। বাজার ব্যবসায়ীরা জড়ো হয়ে তিন বাজার নেতার বিরুদ্ধে আওয়াজ তুলে। অবিলম্বে তাদের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করতে দাবি জানান। সরকারের চোখে ধুলো দিয়ে তারা এত বড় কেলেঙ্কারিতে লিপ্ত হতে পারে, এটা ধারণাও করতে পারছে না অনেকে। যাইহোক অভিযুক্তদের শাস্তি দাবি করলেন বাজারের ব্যবসায়ীরা। এদিকে বাজার কমিটির পক্ষ থেকে বিষয়টি ধাপাঝাপা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এমনটাই বাজার সূত্রে খবর। সংবাদ মাধ্যমের সামনে এসে মুখ খোলার সাহসটুকু মিলছে না বাজার কমিটির। প্রাথমিকভাবে বাজারের ব্যবসায়ীদের ধারণা এর সাথে আরও অনেকে জড়িত রয়েছে। সঠিক তদন্ত হলে বাকিদের নাম সামনে উঠে আসবে।

