বাড়িরাজ্যঅভয়নগরে ৫০ বছরের পুরনো পুকুর সংস্কারের উদ্যোগ

অভয়নগরে ৫০ বছরের পুরনো পুকুর সংস্কারের উদ্যোগ

আগরতলা, ৬ জুন (হি.স.) : দীর্ঘদিনের অবহেলা ও জঞ্জালের স্তূপে হারিয়ে যেতে বসা অভয়নগর বাজার এলাকার প্রায় ৫০ বছরের পুরনো একটি পুকুর নতুন রূপে ফিরে আসতে চলেছে। শনিবার আগরতলা পুর নিগমের ১১ নম্বর ওয়ার্ডের অধীন অভয়নগর বাজার এলাকার ওই পুকুরের সংস্কার কাজ পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর হিরালাল দেবনাথ, সম্পা সরকারসহ পুর নিগমের অন্যান্য প্রতিনিধিরা। সংস্কার কাজের অগ্রগতি খতিয়ে দেখে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন মেয়র।

পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার জানান, শহরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। অভয়নগর বাজার এলাকার এই গুরুত্বপূর্ণ জলাশয়ের সংস্কার কাজ দ্রুত গতিতে এগুচ্ছে এবং আগামী ১০ দিনের মধ্যেই কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, কাজ শেষ হলে মুখ্যমন্ত্রীর হাত ধরে পুকুরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে এবং সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় অর্ধশতাব্দী পুরনো এই পুকুরটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। পুকুরপাড় জঞ্জাল ও আগাছায় ভরে যাওয়ায় পরিবেশেরও অবনতি ঘটছিল। ফলে এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে পুকুরটির সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন।

কর্পোরেটর হিরালাল দেবনাথের বিশেষ তত্ত্বাবধান এবং এলাকাবাসীর সহযোগিতায় বর্তমানে পুকুরটির সংস্কার কাজ জোরকদমে চলছে। প্রকল্পের আওতায় পুকুরের চারপাশে পাড় বাঁধানো, জলকে ব্যবহার উপযোগী করে তোলা, সৌন্দর্যায়নের ব্যবস্থা গ্রহণ এবং পুকুরপাড়ে মানুষের হাঁটা-চলার উপযোগী পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, সংস্কার কাজ সম্পূর্ণ হলে শুধু জলাশয় সংরক্ষণই নয়, এলাকাবাসীর বিনোদন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সৌন্দর্য বৃদ্ধিতেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলায় এলাকাবাসীর মধ্যেও উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা যাচ্ছে।

পুর নিগমের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়দের আশা, ভবিষ্যতে শহরের অন্যান্য পরিত্যক্ত জলাশয়গুলিও একইভাবে সংস্কার করে জনস্বার্থে কাজে লাগানো হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য