স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ জুন : আহত বহিঃরাজ্যের শ্রমিককে দেখতে জিবি হাসপাতালে যান মন্ত্রী টিংকু রায়। বিহারের এই যুবক দক্ষিন জেলার সাব্রুমের এক মিষ্টির দোকানে কাজ করত। মিষ্টির দোকানে কাজ করার সময় অসাবধানতা বসত গরম তেল শরীরে পড়ে গুরুতর ভাবে আহত হয় এই যুবক। আহত যুবকের শরীরের বেশিরভাগ অংশ ঝলসে যায়। এমনকি তার শরীরে পচন শুরু হয়ে যায়। রেল স্টেশন থেকে সঙ্কটাপন্ন অবস্থায় তাকে জিবি হাসপাতালে প্রেরন করা হয়। এই নিয়ে সংবাদ সম্প্রচারিত হওয়ার পর মন্ত্রী টিংকু রায় বিষয়টি দেখার জন্য নির্দেশ দেন শ্রম দপ্তরকে।
প্রায় এক মাসের অধিক সময় ধরে ঐ যুবক জিবি হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে ঐ যুবক অনেকটা সুস্থ রয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে গেলে তাকে বিহারে তার বাড়িতে প্রেরনের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে ঐ যুবক যে দোকানে কাজ করত সেই দোকানের মালিকও জিবি হাসপাতালে এসেছেন। এবং দোকান মালিক ঐ যুবককে সাহায্য করার আশ্বাস দিয়েছেন বলে জানান মন্ত্রী টিংকু রায়। মন্ত্রী টিংকু রায় জানান বর্তমানে ঐ যুবক অনেকটা সুস্থ। সে নিজে থেকে দাড়াতে পারছে। তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। ১৫ থেকে ২০ দিন পর তাকে বিহারে তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে।

