স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ মে : রবিবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় সুবিধা প্রদান কার্য্যক্রমে বেনিফিশিয়ারি সহ অন্যান্যদের সম্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পথ বিক্রেতাদের বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে তাঁদের আর্থ-সামাজিক উন্নয়নে আন্তরিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে বর্তমান সরকার। একইভাবে, আর্থিক শৃঙ্খলা, ডিজিটাল লেনদেন ও আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন পথ বিক্রেতারা। এখন পর্যন্ত প্রাপ্ত ১৯,৭২৭টি লোন আবেদনের মধ্যে ৯,৫৭৮ টি আবেদনের অনুমোদন দেওয়া হয়েছে এবং ১৫.২৮ কোটি টাকার লোন প্রদান করা হয়েছে। এর মধ্যে পাঁচ হাজার পথ বিক্রেতা ইতিমধ্যেই তাঁদের লোন পরিশোধ করেছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন আর্থিক শৃঙ্খলা আত্মনির্ভরের দিক। ৫,৯৮২ জন পথ বিক্রেতা অন বোর্ডের আওতায় চলে এসেছে। ৩১৫৭ জন ডিজিটাল লেনদেন করছেন। এতে বিরোধীদের মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে। এই প্রকল্পের সময়সীমা ২০৩০ সালের ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে ঋণের পরিমাণ বাড়ানো হয়েছে। যাতে পথ বিক্রেতাদের আর্থ সামাজিক উন্নয়ন হয়। তাদের উন্নয়নের মাধ্যমে দেশ এবং সমাজের সাফল্য অর্জন হচ্ছে। আগামী দিন নতুন ত্রিপুরা গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী পথ বিক্রেতাদের হাতে সম্মাননা তুলে দেন।

