স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ মে : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব শ্রী কিরণ গিত্যে, আইএএস আজ দুর্জয়নগরে নবনির্মিত এএনএম (ANM) ইনস্টিটিউট ভবন পরিদর্শন করেন। ভবনটিকে নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী পূর্ণাঙ্গভাবে কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন অবকাঠামোগত ও প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকারের অধিকর্তা ডা. দেবশ্রী দেববর্মা, স্বাস্থ্য শিক্ষা অধিকারের অধিকর্তা ডা. এইচ. পি. শর্মা, হেড অব অফিস-কাম-ডেপুটি ডিরেক্টর (ডেন্টাল) ডা. রাজেশ অনিল আচার্য, ডেপুটি ডিরেক্টর, স্বাস্থ্য অধিকার ডা. শঙ্খ শুভ্র দেবনাথ, আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ এবং এএনএম ইনস্টিটিউটের অধ্যক্ষ নার্সিং কাউন্সিলের সদস্যবৃন্দ এবং পূর্ত দপ্তরের (এমসিডি ডিভিশন) এসডিও।
প্রতিনিধি দলটি ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখে শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি, প্রশাসনিক অবকাঠামো, আবাসন ব্যবস্থা, বিদ্যুৎ ও পানীয় জলের সুবিধাসহ প্রয়োজনীয় অন্যান্য বিষয় পর্যালোচনা করেন। এএনএম প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়েও আলোচনা হয়।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট আধিকারিকদের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে ইনস্টিটিউটটিকে দ্রুত কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়। নবনির্মিত এই প্রতিষ্ঠান চালু হলে রাজ্যে দক্ষ নার্সিং ও স্বাস্থ্যকর্মী তৈরির ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।

