স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ মে : প্রদেশ বিজেপি সভাপতি হয়ে রাজ্যে ফিরলেন বিধায়ক অভিষেক দেব রায়। বৃহস্পতিবার সকালে সর্বভারতীয় বিজেপির পক্ষ থেকে তাঁর নাম ঘোষনা করা হয়। বিকালের বিমানে দিল্লি থেকে রাজ্যে ফিরলেন তিনি। দলীয় কর্মী সমর্থকরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিধায়ক তথা নব নির্বাচিত সভাপতি জন্য অপেক্ষায় থাকেন। বিমানবন্দরে আগে থেকেই উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী, উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্য নেতৃত্ব। তাকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান।
নয়া প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় বলেন, ভারতীয় জনতা পার্টি অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা। দল যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। পদ হিসেবে গ্রহণ করছেন না তিনি। আগামী দিন সকলকে নিয়ে শক্তিশালী ত্রিপুরা রাজ্য গড়ে তোলার লক্ষ্য থাকবে। একই সঙ্গে তিনি রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান সকলে মিলে যেন সহযোগিতা করে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আরো বলেন, ভারতীয় জনতা পার্টির কাছে আগে দেশ। সাংগঠনিকভাবে এই চিন্তাধারা যেন সকলের মধ্যে নিয়ে যাওয়া যায় তার জন্য চেষ্টা করবেন।
তারপর বিমানবন্দর থেকে তিনি চলে আসেন প্রদেশ বিজেপি কার্যালয়ে। বিজেপি কার্যালয়ে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি রাজিব ভট্টাচার্য। তাঁরা নবনির্বাচিত সভাপতিকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানান। মুখ্যমন্ত্রী বলেন, একজন আসবে একজন যাবে। এটাই পরম্পরা। বিগত দিনে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে কাজ করেছে দল। যখনই কোনরকম সমস্যার শিকার হয়েছে তখন রাজীব বাবুর সম্মুখীন হয়েছে দলের কার্যকর্তারা। নবনির্বাচিত সভাপতি অভিষেক দেবরায় আগামী দিন সঠিকভাবে দায়িত্ব পালন করে সংগঠন মজবুত করবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বুধবার সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ করার ২৪ ঘন্টার মধ্যেই রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হলো দিল্লি থেকে।
এতে প্রদেশ বিজেপির কার্যকর্তা ও দলীয় কর্মী সমর্থকদের জল্পনা-কল্পনার অবসান ঘটলো বৃহস্পতিবার। প্রদেশ বিজেপির সভাপতি হিসাবে অনেক দিন পূর্বেই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল রাজীব ভট্টাচার্যের। কিন্তু তারপরও তিনি প্রদেশ বিজেপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এদিকে অভিষেক দেবরায় পূর্বে বিজেপি গোমতী জেলার সভাপতির দায়িত্ব পালন করেছেন। এবার তাঁকে প্রদেশ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সামাজিক মাধ্যমে নব নির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানান। অপরদিকে বাকি তিন রাজ্যের সভাপতি হলেন- দিল্লিতে হর্ষ মালহোত্রা। হরিয়ানায় অর্চনা গুপ্তা। পাঞ্জাবে কেওল ধীলন।

