স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ মে :বনমালীপুরবাসীর সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল, রয়েছে এবং আগামী দিনও থাকবে। কিন্তু যারা দলের কার্যকর্তা আছেন, তাদের মানুষের জন্য কাজ করতে হবে। অনেকে অনেক কথা বলবে, সেদিকে গুরুত্ব দিলে চলবে না। নিজে যা কাজ করছেন তার উপর গুরুত্ব দেন। দলের আদর্শই শেষ কথা।
এই দল দ্বারা মানুষ শ্বাস প্রশ্বাস নেয়। শনিবার নয় বনমালীপুর মন্ডলের মহা অভিযান পর্বে কার্যকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় এই বার্তা দিলেন এলাকার প্রাক্তন বিধায়ক তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন বনমালী পুর মন্ডলের উদ্যোগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ধলেশ্বর কামিনী কুমার স্কুলে হয় এই দলীয় কর্মসূচি। সশরীরে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান প্রায় সময় বিজেপির প্রশিক্ষণ বর্গ অনুষ্ঠান হয়ে থাকে। বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান কর্মসূচি হাতে নিয়েছে। তারই অঙ্গ হিসাবে এইদিন বনমালীপুর মণ্ডলের প্রশিক্ষণ বর্গ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচি রবিবার শেষ হবে। এই প্রশিক্ষণ কর্মসূচিতে ৮ টি বিষয় নিয়ে আলোচনা হবে। পরবর্তী সময় জেলা স্তরে প্রায় ১২ টি বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

