নয়াদিল্লি, ২৩ মে (হি.স.): মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও শনিবার নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীকে প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, সংযোগ, শিক্ষা এবং জনগণের মধ্যে সম্পর্ক-সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন রুবিও। বিদেশ সচিব রুবিও পশ্চিম এশিয়ার পরিস্থিতি-সহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
প্রধানমন্ত্রী শান্তি প্রচেষ্টায় ভারতের ধারাবাহিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান পুনরায় জানান। প্রধানমন্ত্রী মোদী এদিন রুবিওকে প্রেসিডেন্ট ট্রাম্পকে তাঁর শুভেচ্ছা পৌঁছে দিতে অনুরোধ করেন এবং বলেন যে, তিনি তাঁদের মধ্যে আলোচনা অব্যাহত রাখার প্রত্যাশা করছেন। বৈঠক চলাকালীন বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানান, “মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দেখা করে আনন্দিত। আমরা ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বে ধারাবাহিক অগ্রগতি এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেছি। বিশ্ব কল্যাণের জন্য ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে।”

