স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ মে : সারাদেশে জ্বালানি তেল নিয়ে উদ্ভূত পরিস্থিতির মধ্য দিয়ে বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের মূল্য। ১০ দিনের মাথায় এই নিয়ে তিনবার বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের মূল্য। আগরতলা শহরে শুক্রবার মধ্যরাতে পেট্রোলের মূল্য বৃদ্ধি পেল লিটার পিছু ৮৭ পয়সা। অপরদিকে ডিজেলের মূল্য বৃদ্ধি পেল লিটার পিছু ৮৮ পয়সা।
বর্তমানে পেট্রোলের মূল্য দাঁড়াল প্রতি লিটার ১০২ টাকা ২৯ পয়সা। অপরদিকে ডিজেলের মূল্য দাঁড়াল প্রতি লিটার ৯১ টাকা ২৩ পয়সা। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে পেট্রল ও ডিজ়েলের মূল্যবৃদ্ধিতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। মধ্যবিত্তের পকেটেও টান পড়ছে। এই মূল্যবৃদ্ধির ফলে এক দিকে যেমন ব্যক্তিগত গাড়ি বা বাইক চালানোর খরচ বাড়বে, তেমন বাস, অটো মতো গণপরিবহণেও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে চলেছে।
গত ১৫ মে সারা দেশে এক ধাক্কায় লিটার প্রতি তিন টাকা বেড়ে গিয়েছিল পেট্রলের দাম। তার পর ১৯ মে আবার দাম বাড়ে। আরও ৯০ পয়সা করে পেট্রলের দাম বাড়িয়ে দেওয়া হয়। এ বার ৮৭ পয়সা মূল্য বৃদ্ধি হওয়ায় গত ১০ দিনে প্রায় পাঁচ টাকা মহার্ঘ হয়ে গেল পেট্রল। পশ্চিম এশিয়ায় সঙ্কটের আবহে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী এক বছর সোনা না-কেনার পরামর্শও দিয়েছিলেন।

