বাড়িবিশ্ব সংবাদচিনের কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে মৃত বেড়ে ৯০, আটকে বহু শ্রমিক

চিনের কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে মৃত বেড়ে ৯০, আটকে বহু শ্রমিক

বেজিং, ২৩ মে (হি. স.) : উত্তর চিনের শানসি প্রদেশের লিয়াওশেনইউ (লিউশেনিউ) কয়লাখনিতে এক ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা একলাফে বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৯০ জনে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু শ্রমিক আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে , স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বেজিং থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কিনইউয়ান কাউন্টির ওই খনিতে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, খনির ভেতরে আচমকা টক্সিক গ্যাস কার্বন মনোক্সাইডের মাত্রা নিরাপত্তা সীমার বাইরে চলে যায় এবং তার জেরেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। খনি কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কিছু সময় আগেই খনির অন্দরে কার্বন মনোক্সাইড গ্যাস বৃদ্ধির বিষয়ে একটি জরুরি সতর্কতা জারি করা হয়েছিল। কিন্তু শ্রমিকরা নিরাপদ স্থানে বেরিয়ে আসার আগেই দুর্ঘটনাটি ঘটে যায়। বিস্ফোরণের সময় খনির ভেতরে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। শনিবার জানা গেছে , বিস্ফোরণের তীব্রতায় খনির সুড়ঙ্গ অবরুদ্ধ হয়ে পড়েছে এবং ভেতরে এখনও বহু শ্রমিক আটকে রয়েছেন। তাঁদের জীবন্ত উদ্ধার করতে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রথমে মৃতের সংখ্যা ৮ জন জানা গেলেও রাতারাতি তা লাফিয়ে ৮২ এবং পরবর্তীতে ৯০ জনে পৌঁছায়।

এই ভয়াবহ খনি দুর্ঘটনার খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। নিখোঁজ ও আটকে পড়া শ্রমিকদের দ্রুত খুঁজে বের করতে উদ্ধারকারীদের সর্বশক্তি নিয়োগের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, খনি মালিকের কাছ থেকে এই গাফিলতির জবাবদিহি চেয়েছেন এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস দিয়েছেন। জিনপিং স্পষ্ট বার্তা দিয়েছেন, দেশের বাকি খনিগুলিকেও এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিতে হবে এবং কাজের জায়গায় শ্রমিকদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, চিনে এখন বর্ষাকাল চলায় বন্যা প্রতিরোধের ব্যবস্থা আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন চিনা রাজনীতিবিদ লি ছিয়াং।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য