স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ মে :নিট-২০২৬ প্রশ্নফাঁস কাণ্ড, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, শ্রমিক স্বার্থ বিরোধী শ্রমকোড বাতিল করা, এমজিএনরেগা পুনরায় চালু করা সহ উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের পরিষেবার মান উন্নতির দাবিতে বৃহস্পতিবার ধর্মনগরে বিক্ষোভ মিছিল সংগঠিত করলো সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটি। মহকুমা কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারী বাম কর্মী-সমর্থকেরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে স্লোগান তোলেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সদ্য উপনির্বাচনের বিজিত প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত, মহকুমা সম্পাদক রতন রায় সহ অন্যান্য নেতৃত্ব। প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত বলেন, বিজেপির দুঃশাসনে দেশ দুর্নীতির সাগরে ভাসছে। বিজেপি ক্ষমতায় আসার পর যতগুলি প্রবেশিকা পরীক্ষা হয়েছে সবগুলি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। দেশের কোটি কোটি ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে এই বিজেপি নেতৃত্বাধীন সরকার। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো দেশবাসীকে প্রধানমন্ত্রী বলছেন কেউ যাতে বিদেশ না যায়। অথচ বিজেপি সরকারের মন্ত্রী সাংসদরা বিদেশ ভ্রমণ করেছেন। ১২৫ দিনের কাজ দেওয়ার ঘোষণা দিল কাজ নেই।
মানুষের হাতে অর্থ নেই। কর্মসংস্থানের অভাবে ভুগছে মানুষ। উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের সাফাই কর্মীদের বেতন বন্ধ গত চার মাস ধরে। এবং এই জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মী নেই। এবং এই জেলা হাসপাতালে ভেতরে ও বাইরে আবর্জনা স্তুপ হয়ে আছে। হাসপাতালের শৌচালয় থেকে নেশা সরঞ্জাম এবং আপত্তিকর সরঞ্জাম উদ্ধার হচ্ছে। যেগুলি মুখে বলা যায় না। রাজ্যের মুখ্যমন্ত্রী গত ৮ বছরে এই জেলা হাসপাতাল একবারের জন্য পরিদর্শন করতে আসেননি। মানুষ জীবন বাঁচাতে এসে কফিন বন্দি হয়ে বাড়ি যাচ্ছেন। একই সঙ্গে এই শ্রমিক বিরোধী সরকারের শ্রম কোডের কারণে দেশে শ্রমিকরা আক্রান্ত। শ্রমিকদের ভাতে মারার জন্য আন্দোলনের অধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হবে। একই সঙ্গে আরো বলেন, জনকল্যাণে কোন কর্মসূচি নেই সরকারের। একমাত্র বিভাজনের রাজনীতি করে চলেছে বলে দাবি করেন তিনি। এই কর্মসূচিতে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।

