বাড়িজাতীয়রেলযাত্রীদের সতর্ক থাকার আবেদন, সন্দেহজনক কিছু দেখলে ১৩৯ নম্বরে জানান : রেলমন্ত্রক

রেলযাত্রীদের সতর্ক থাকার আবেদন, সন্দেহজনক কিছু দেখলে ১৩৯ নম্বরে জানান : রেলমন্ত্রক

নয়াদিল্লি, ২১ মে (হি.স.) : সাম্প্রতিক সময়ে রেলকে লক্ষ্য করে একাধিক নাশকতামূলক ঘটনার প্রেক্ষিতে যাত্রীদের সতর্ক ও সচেতন থাকার আবেদন জানাল রেলমন্ত্রক। ট্রেন বা স্টেশন চত্বরে কোনও সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে সঙ্গে সঙ্গে রেলওয়ের হেল্পলাইন নম্বর ১৩৯-এ জানাতে বলা হয়েছে। রেল কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের সহযোগিতা পেলে অসামাজিক শক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

বৃহস্পতিবার দিল্লির রেল ভবনে রেল নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভি সোমন্না, রবনীত সিং বিট্টু, রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার-সহ বিভিন্ন জোনের শীর্ষ আধিকারিক ও মাঠপর্যায়ের নিরাপত্তা কর্তারা।

বৈঠকে জানানো হয়, ট্রেন, স্টেশন ও বিশাল রেল নেটওয়ার্কের নিরাপত্তা আরও জোরদার করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন, সিসি ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)-এর গোয়েন্দা নজরদারিও আরও শক্তিশালী করা হচ্ছে বলে জানানো হয়েছে।

রেলমন্ত্রকের দাবি, সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ড ও নাশকতার ঘটনায় প্রাথমিক তদন্তে অসামাজিক শক্তির যোগের ইঙ্গিত মিলেছে। যদিও দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেও দাবি করা হয়েছে। এই সমস্ত ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে আরপিএফ।

বৈঠকে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের ব্যবস্থা আরও শক্তিশালী করা, রিপোর্টিং ব্যবস্থা উন্নত করা এবং প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানোর উপর জোর দেওয়া হয়। পাশাপাশি রেলপথ জুড়ে আরও বেশি সিসি ক্যামেরা বসানো, সাইবার নিরাপত্তা জোরদার করা এবং এআই-ভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও আলোচনা হয়েছে।

রেলমন্ত্রক জানিয়েছে, রেল বোর্ড, বিভিন্ন রেল জোন, আরপিএফ এবং সরকারি রেল পুলিশের মধ্যে সমন্বয় ও তথ্য আদানপ্রদান আরও বাড়িয়ে নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য