বাড়িরাজ্য৪৮ ঘন্টার ব্যবধানে কচুছড়ায় ফের সড়ক অবরোধ

৪৮ ঘন্টার ব্যবধানে কচুছড়ায় ফের সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ মে :সুশাসন জামানায় তীব্র সংকটে ভুগছে রাজ্যের গ্রাম পাহাড়ের মানুষ। নেতাদের বড় বড় ভাষণ বাস্তবে ফানুস। কাগজেরপত্রে উন্নয়ন হলেও বাস্তবে মাটিতে কোন উন্নয়ন না হওয়ায় মানুষ সমস্যার শিকার হয়ে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। এরই মধ্যে ৪৭ আমবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কচুছড়া বাজার এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

 ভীম সবর পাড়া সহ আশপাশের এলাকার প্রমীলা বাহিনী, স্থানীয় জনগণ ও স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের একাংশ আমবাসা-কচুছড়া সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন। ফলে দীর্ঘ সময় ধরে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়ে পড়ে এবং চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। অবরোধকারীদের অভিযোগ, ভীম সবর পাড়া এলাকায় টানা ৯ থেকে ১০ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকার কারণে এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। এই অসহনীয় গরমের মধ্যে শিশু, মহিলা ও বয়স্ক মানুষ অসহনীয়ভাবে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। প্রমীলা বাহিনীর সদস্যাদের অভিযোগ, বারবার সালেমা সাবস্টেশন ও বিদ্যুৎ নিগমের সমস্যার কথা জানানো হলেও কোনো স্থায়ী সমাধান করা হয়নি।

 প্রতিবারই “আজ দিচ্ছি”, “কাল দিচ্ছি” বলে শুধু আশ্বাস দিয়ে হয়রানি করা হয়েছে বলে দাবি তাদের। এক ক্ষুব্ধ মহিলা বিক্ষোভকারী বলেন, “তাদের নিয়ে পুতুল খেলা করা হচ্ছে। দিনের পর দিন বিদ্যুৎ নেই, জল নেই। ছোট ছোট বাচ্চারা কষ্ট পাচ্ছে, পড়াশোনা করতে পারছে না। রাতে অন্ধকারে থাকতে হচ্ছে। বিদ্যুৎ অফিসে ফোন করলে কখনও ব্যস্ত, কখনও বন্ধ। তাহলে আমরা কোথায় যাব?” স্থানীয় জনগণের অভিযোগ, এলাকাটিতে প্রায়ই বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। সামান্য ঝড়-বৃষ্টি হলেই দিনের পর দিন বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়। অথচ সমস্যার স্থায়ী সমাধানে বিদ্যুৎ দপ্তরের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ে না। বিশেষ করে সালেমা সাবস্টেশন বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। অভিযোগ, অফিসে ফোন করলে অধিকাংশ সময় নম্বর ব্যস্ত অথবা বন্ধ পাওয়া যায়। ফলে সমস্যার কথা জানালেও কোনো সাড়া মেলে না। প্রশাসন ও বিদ্যুৎ দপ্তরের চরম গাফিলতি এবং উদাসীনতার কারণেই আজ সাধারণ মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছেন বলে দাবি আন্দোলনকারীদের। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কচুছড়া থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় এবং অবরোধকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেয়। তবে বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, যতদিন পর্যন্ত এলাকায় নিয়মিত বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা না হবে, ততদিন পর্যন্ত তাদের আন্দোলন চলবে। প্রয়োজনে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটার হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, মাত্র দুই-তিন দিন আগেই একই এলাকায় পানীয় জলের দাবিতে ব্যাপক পথ অবরোধ হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিদ্যুৎ ও জলের সংকটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কচুছড়া বাজার এলাকা। একের পর এক অবরোধের ঘটনায় এখন প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা নিয়ে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য