সিওল ও নয়াদিল্লি, ২০ মে (হি.স.): দক্ষিণ কোরিয়া সফররত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বুধবার সিওলে সে-দেশের প্রতিরক্ষা মন্ত্রী আন গিউ ব্যাকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এই বৈঠকে আঞ্চলিক স্তরে শান্তি প্রতিষ্ঠা, স্থিতিশীলতা এবং প্রযুক্তিগত সহযোগিতার প্রতি যৌথ অঙ্গীকারের পাশাপাশি ভারত-দক্ষিণ কোরিয়া কৌশলগত সহযোগিতা আরও নিবিড় করার উপায় নিয়ে আলোচনা করেন।
সমাজ মাধ্যমে এক বার্তায় রাজনাথ সিং বলেন, ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সাইবার সহযোগিতা প্রসার সংক্রান্ত চুক্তি বিনিময় করেছে। মন্ত্রী বলেন, তিনি দু’দেশের বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য উন্মুখ। এর আগে, রাজনাথ সিং দক্ষিণ কোরিয়ার জাতীয় সমাধিক্ষেত্রে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দেশের সেবায় আত্মত্যাগকারী সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

