Friday, August 7, 2026
বাড়ি বিশ্ব সংবাদ তুরস্কে ভূমিকম্প, কম্পনের মাত্রা ৫.৬

তুরস্কে ভূমিকম্প, কম্পনের মাত্রা ৫.৬

তুরস্কে ভূমিকম্প, কম্পনের মাত্রা ৫.৬

আঙ্কারা, ২০ মে (হি.স.) : বুধবার ফের ভূমিকম্প তুরস্কের পূর্বাঞ্চলীয় মালত্যা প্রদেশে । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৬ । তবে এখনও কোনও প্রাণহানির খবর মেলেনি । এদিন তুরস্কের দুর্যোগ ও বিপর্যয় মোকাবিলা দলের (এএফডি ) আধিকারিকরা জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল তুরস্কের বাট্টাল গাজী জেলায়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭ কিলোমিটার গভীরে এই কম্পন সৃষ্টি হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মালত্যার পার্শ্ববর্তী আদিয়ামান, এলাজিগ, তুনসেলি এবং সানলিউরফা প্রদেশেও তীব্র কম্পন অনুভূত হয়েছে।

মালত্যার গভর্নর সেদ্দার ইয়াভুজ এদিন সরকারি সংবাদমাধ্যমে জানিয়েছেন, আহতক ৬ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল। এদিন গভর্নর আরও জানান, দোয়ান সেহির জেলায় একটি পরিত্যক্ত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপর্যয় এড়াতে একদিনের জন্য সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ২০২৩ সালের বিধ্বংসী ভূমিকম্পের পর মালত্যা শহরে ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা যথেষ্ট মজবুত। শহরজুড়ে প্রায় ১ লক্ষ ২৪,০০০ হাজার ভূমিকম্প প্রতিরোধী আবাসন তৈরি হয়েছে ।

ওয়ার্ল্ড ইকিউ লোকেটারের তরফ থেকে আরও একটি তথ্য সামনে আসে। সেই তথ্য অনুযায়ী, তুরস্কের সিনসিক থেকে প্রায় ১৯ কিলোমিটার উত্তরে ৫.৪ রিখটার স্কেলে আরও একটি কম্পন অনুভূত হয়েছে। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ এই কম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পের পর এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত অন্যত্র স্থানান্তরিত করা হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থাও (ইউএসজিসি ) একই কথা জানায়। উল্লেখ্য, ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি ভয়বহ ভূমিকম্পে তুরস্কের মালত্যা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। মৃত্যু হয় কয়েক হাজার মানুষের ।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha